ভারত থেকে পাইপলাইনে আসছে আরও ৭ হাজার টন ডিজেল
দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ও সরবরাহ স্বাভাবিক রাখতে প্রতিবেশী দেশ ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি অব্যাহত রেখেছে সরকার। এর অংশ হিসেবে তৃতীয় দফায় আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেলের একটি বড় চালান বাংলাদেশে আসছে। শনিবার (২৮ মার্চ) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে 'বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন' প্রকল্পের মাধ্যমে এই ডিজেল সরবরাহ শুরু হয়েছে। প্রায় ৬০ ঘণ্টা পাম্পিং প্রক্রিয়া শেষে আগামী মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টার দিকে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত রিসিপ্ট টার্মিনালে এই জ্বালানি পুরোপুরি এসে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
এর আগে গত শুক্রবার পার্বতীপুর ডিপোতে ৫ হাজার মেট্রিক টন এবং গত ১১ মার্চ আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল একই পদ্ধতিতে দেশে আসে। জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে ছুটির দিনেও ডিপোর কার্যক্রম সচল রাখা হয়েছে। পার্বতীপুর পদ্মা অয়েল পিএলসি ডিপোর ডেপুটি ম্যানেজার (অপারেশন) আহসান হাবিব চৌধুরী জানান, চলতি মাসে এটি তৃতীয় দফার সরবরাহ এবং নুমালিগড় রিফাইনারি থেকে নিয়মিতভাবে পাম্পিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
উল্লেখ্য যে, এই চালানের ৭ হাজার মেট্রিক টন যুক্ত হলে চলতি মাসেই পাইপলাইনের মাধ্যমে মোট আমদানিকৃত ডিজেলের পরিমাণ দাঁড়াবে ১৭ হাজার মেট্রিক টন, যা দেশের উত্তরাঞ্চলসহ সামগ্রিক জ্বালানি চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ রহমান
মন্তব্য করুন: