প্রাইভেটকার উদ্ধার
মৌলভীবাজারে আন্তঃজেলা গাড়ি চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক সফল অভিযানে আন্তঃজেলা গাড়ি চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোণ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—আব্দুল মুকিত কিবরিয়া (৩৮), নানু মিয়া (৩৪) ও শাহ আলম (৩৪)। অভিযানের সময় তাদের কাছ থেকে চুরি হওয়া একটি টয়োটা করোলা প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত ২৩ মার্চ রাতে মৌলভীবাজার শহরের সৈয়ারপুর রিয়াছত উল্লা সড়ক এলাকায় নিজ বাসার সামনে থেকে ফাহিম মিয়া নামের এক ব্যক্তির প্রাইভেটকারটি চুরি হয়ে যায়। পরদিন সকালে গাড়িটি না পেয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি প্রচার করেন। এই সুযোগে একদল প্রতারক গাড়ি ফেরত দেওয়ার প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীর কাছে ২ লাখ টাকা দাবি করে। সরল বিশ্বাসে ফাহিম মিয়া বিকাশের মাধ্যমে ধাপে ধাপে ৬১ হাজার ৫০০ টাকা দিলেও প্রতারকরা গাড়ি ফেরত দেয়নি। পরবর্তীতে তিনি জেলা ডিবি পুলিশে অভিযোগ জানালে তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু হয় এবং চক্রের সদস্যদের অবস্থান শনাক্ত করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে যে, তারা সংঘবদ্ধভাবে গাড়িটি চুরি করে শ্রীমঙ্গলের আশিদ্রোণ ইউনিয়নের টিকরিয়া গ্রামের একটি আখড়ার পাশে লুকিয়ে রেখেছিল। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৩টার দিকে পুলিশ অভিযান চালিয়ে গাড়িটি জব্দ করে। এই ঘটনায় মৌলভীবাজার সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং বৃহস্পতিবার (২৬ মার্চ) আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই চক্রের সাথে জড়িত পলাতক অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: