মহান স্বাধীনতা দিবসে বড়লেখায় শহীদদের প্রতি নিসচা'র বিনম্র শ্রদ্ধাঞ্জলি
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) বড়লেখা উপজেলা শাখা। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৫টা ৪৫ মিনিটে দিবসের প্রথম প্রহরে বড়লেখা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সংগঠনের নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি এই বিনম্র শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনকালে নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম ও সহ-সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদসহ সংগঠনের অন্যান্য পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।
নিসচা নেতৃবৃন্দ জানান, জাতীয় দিবসগুলো নিসচা সবসময়ই যথাযথ মর্যাদার সাথে পালন করে আসছে এবং এরই ধারাবাহিকতায় এবারও বড়লেখা উপজেলা শাখা দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। পুষ্পস্তবক অর্পণ শেষে নেতৃবৃন্দ বলেন, "সামাজিক সংগঠন হিসেবে আমাদের প্রধান দায়িত্ব হলো জাতীয় ইতিহাস ও ঐতিহ্যকে লালন করা এবং নতুন প্রজন্মের সামনে আমাদের শেকড়কে তুলে ধরা। আমরা বিশ্বাস করি, যেকোনো সামাজিক সংগঠনের মূল লক্ষ্য হওয়া উচিত জনস্বার্থ ও দেশের কল্যাণ, কোনো ব্যক্তিগত স্বার্থ নয়।"
উল্লেখ্য, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের পাশাপাশি বিভিন্ন জাতীয় ও জনকল্যাণমূলক দিবসে ব্যতিক্রমী কর্মসূচির মাধ্যমে বড়লেখায় নিসচা প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে।
এ রহমান
মন্তব্য করুন: