কুলাউড়ায় কলেজছাত্র অয়ন ১৭ দিন ধরে নিখোঁজ: উৎকণ্ঠায় পরিবার
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লংলা আধুনিক ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী অয়ন দেব (১৮) গত ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ৯ মার্চ সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাঁর আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। অয়ন উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের বাসিন্দা অঞ্জন দেবের ছেলে। এই ঘটনায় কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও তাঁর অবস্থান শনাক্ত না হওয়ায় চরম উৎকণ্ঠায় দিন কাটছে স্বজনদের।
পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, অয়ন লংলা আধুনিক ডিগ্রি কলেজের নিয়মিত শিক্ষার্থী এবং এ বছর তাঁর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল। নিখোঁজের দিন সকালে প্রতিদিনের মতো তিনি চাচার ব্যবসা প্রতিষ্ঠান রবিরবাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কিন্তু সারাদিন অতিবাহিত হলেও তিনি দোকানে বা বাড়িতে ফিরে আসেননি। ওই রাতেই অয়নের চাচা পরিমল দেব কুলাউড়া থানায় একটি নিখোঁজ জিডি দায়ের করেন। পরিমল দেব জানান, অয়ন তাঁর মোবাইল ফোনটি বাড়িতেই রেখে গিয়েছিলেন, ফলে তাঁর সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। আত্মীয়-স্বজন ও বন্ধুদের কাছে খোঁজ নিয়েও কোনো হদিস মেলেনি।
লংলা আধুনিক ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আতাউর রহমান জানান, রমজান উপলক্ষে কলেজ বন্ধ থাকায় অয়নের নিখোঁজের বিষয়টি তাঁরা পরিবারের কাছ থেকে জেনেছেন। মেধাবী এই শিক্ষার্থীকে দ্রুত খুঁজে পেতে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
কুলাউড়া থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে। তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে তাঁর পূর্বের কল লিস্ট ও সম্ভাব্য অবস্থানগুলো খতিয়ে দেখা হচ্ছে। যদি কোনো সহৃদয় ব্যক্তি অয়ন দেবের সন্ধান পেয়ে থাকেন, তবে পরিবারের দেওয়া মোবাইল নম্বরে (০১৭৭২-৩৬৮৮৯৮) যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: