লাউয়াছড়া উদ্যানে ৩ দিনে রাজস্ব আয় প্রায় সাড়ে ৫ লাখ টাকা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া উদ্যান -এ পর্যটকদের ব্যাপক ভিড় দেখা গেছে। টানা তিন দিনে হাজারো ভ্রমণপিপাসুর পদচারণায় মুখর ছিল দেশের অন্যতম জনপ্রিয় এই বনাঞ্চল। এতে সরকারের রাজস্ব আয়েও ইতিবাচক প্রভাব পড়েছে।
উদ্যান কর্তৃপক্ষ জানায়, ঈদের দিন থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় মোট ৫ লাখ ৩০ হাজার ৪১২ টাকা রাজস্ব আয় হয়েছে। এ সময়ে প্রায় ৪ হাজার ৭৪২ জন দেশি-বিদেশি পর্যটক টিকিট কেটে উদ্যানে প্রবেশ করেন।
দৈনিক হিসাব অনুযায়ী—ঈদের দিন (শনিবার): ১,০৫২ জন পর্যটক; আয় প্রায় ১ লাখ ২০ হাজার টাকা,দ্বিতীয় দিন (রোববার): প্রায় ১,৯০০ জন; আয় প্রায় ২ লাখ ৬ হাজার টাকা,তৃতীয় দিন (সোমবার): ১,৭৯০ জন; আয় ২ লাখ ৪ হাজার ৪১২ টাকা।
সংশ্লিষ্টদের মতে, ঈদকেন্দ্রিক এই পর্যটন প্রবাহ স্থানীয় অর্থনীতিতেও গতি এনেছে। পরিবহন, হোটেল-রিসোর্ট ও খাবারের দোকানসহ বিভিন্ন খাতে লেনদেন বেড়েছে এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।
লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির সদস্য ফিলা পতমী বলেন, অন্যান্য সময়ের তুলনায় এবারের ঈদে পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি ছিল। পর্যটকদের নিরাপত্তা ও বন সংরক্ষণে বন বিভাগ, সহ-ব্যবস্থাপনা কমিটি ও ট্যুরিস্ট পুলিশের সমন্বিত তৎপরতা ছিল।
সংশ্লিষ্টরা মনে করছেন, পরিকল্পিত ব্যবস্থাপনা ও পরিবেশবান্ধব পর্যটন কার্যক্রম জোরদার করা গেলে এই উদ্যান ভবিষ্যতে আরও বড় রাজস্ব আয়ের উৎস হয়ে উঠতে পারে।
ডি আর ডি
মন্তব্য করুন: