'ইরানের সাথে চুক্তি হলে তেলের দাম হুড়মুড় করে পড়বে': ডোনাল্ড ট্রাম্প
ইরানের সঙ্গে চলমান যুদ্ধের ইতি টানার মতো কোনো চুক্তি হলে বিশ্ববাজারে তেলের দাম নাটকীয়ভাবে কমে যাবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৩ মার্চ) এক বিবৃতিতে তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের সংঘাত শুরুর পর থেকে তেলের দাম যেভাবে ঊর্ধ্বমুখী, একটি সফল চুক্তির মাধ্যমে সেই পরিস্থিতি পাল্টে দেওয়া সম্ভব। বিশেষ করে জ্বালানি পরিবহনের কৌশলগত নৌপথ হরমুজ প্রণালিতে ইরানের হুমকির মুখে জাহাজ চলাচল স্থবির হয়ে পড়ায় বিশ্ব অর্থনীতি যে সংকটে পড়েছে, তার সমাধানে ট্রাম্প আশাবাদী। তিনি বলেন, “আমাদের একটি চুক্তি হওয়ার বেশ ভালো সম্ভাবনা আছে; তবে আমি কোনো কিছুর নিশ্চয়তা দিচ্ছি না।”
ট্রাম্প দাবি করেছেন, যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করার লক্ষ্যে দুই দেশ বর্তমানে ১৫টি গুরুত্বপূর্ণ দফা নিয়ে আলোচনা করছে। মার্কিন প্রেসিডেন্টের মতে, এই আলোচনার ‘এক, দুই ও তিন নম্বর’ প্রধান শর্তই হচ্ছে ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি সম্পূর্ণ বর্জন করা। তবে আলোচনার কথা বললেও নিজের কঠোর অবস্থান থেকে সরে আসেননি ট্রাম্প। তিনি স্পষ্ট করে বলেছেন যে, তিনি ইরানে ‘শাসনব্যবস্থার বড় পরিবর্তন’ দেখতে চান।
বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই মন্তব্য বিশ্ব তেলের বাজারে কিছুটা স্বস্তি দিলেও শাসনব্যবস্থা পরিবর্তনের শর্তটি আলোচনার টেবিলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে। বর্তমানে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ১১২ ডলারের কাছাকাছি অবস্থান করছে, যা একটি সফল চুক্তির ওপর নির্ভর করে দ্রুত বদলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র : বিবিসি বাংলা
এ রহমান
মন্তব্য করুন: