লাউয়াছড়ায় ঈদের দুই দিনে পর্যটকের ঢল: আয় সোয়া ৩ লাখ টাকা
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চিরহরিৎ বন লাউয়াছড়া জাতীয় উদ্যানে পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ঈদের দিন দুপুর থেকে সোমবার (২৩ মার্চ) দুপুর পর্যন্ত গত ৪৮ ঘণ্টায় প্রায় সাড়ে তিন হাজার পর্যটক এই উদ্যানে প্রবেশ করেছেন, যা থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ৩ লাখ ২৬ হাজার টাকা। বনবিভাগ ও উদ্যান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে ঈদের দিন থেকেই ভ্রমণপিপাসুরা এই বনে ভিড় জমাতে শুরু করেন। পরিসংখ্যানে দেখা যায়, ঈদের প্রথম দিন ১ হাজার ৫২ জন পর্যটক টিকিট কেটে প্রবেশ করায় রাজস্ব আদায় হয় প্রায় ১ লাখ ২০ হাজার টাকা; তবে দ্বিতীয় দিন রোববার (২২ মার্চ) পর্যটকের সংখ্যা কয়েক গুণ বেড়ে ১ হাজার ৯০০ জনে দাঁড়িয়েছে, যার ফলে টিকিট বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ৬ হাজার টাকা।
সরেজমিনে দেখা গেছে, দুই দিনে মোট ২ হাজার ৯৫২ জন দেশি-বিদেশি পর্যটক লাউয়াছড়া ভ্রমণ করেছেন। রোববার দুপুরে উদ্যানের কাউন্টারের সামনে পর্যটকদের দীর্ঘ সারি এবং বাইরে সড়কের দুই পাশে শত শত পর্যটকবাহী বাস, জিপ ও প্রাইভেট কারের বিশাল জটলা দেখা যায়। বনের সুউচ্চ গাছপালা, বিরল প্রজাতির বন্যপ্রাণী এবং বনের বুক চিরে চলে যাওয়া রেললাইনকে কেন্দ্র করে পর্যটকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে দায়িত্বরত কর্মীদের। লাউয়াছড়া জাতীয় উদ্যানের টিকিট কালেক্টর শাহিন মিয়া জানান, অন্য যেকোনো সময়ের তুলনায় এবারের ঈদে পর্যটকদের বিপুল সাড়া পাওয়া যাচ্ছে।
বন বিভাগের শ্রীমঙ্গলস্থ রেঞ্জার কাজী নাজমুল হক বলেন, "গত দুই দিনে আশানুরূপ পর্যটক এসেছেন; ছুটির বাকি দিনগুলোতেও এই ধারা অব্যাহত থাকলে রাজস্ব আয়ের পরিমাণ আরও বৃদ্ধি পাবে।"
এ রহমান
মন্তব্য করুন: