লাউয়াছড়ায় পর্যটকদের চাপে চার কিলোমিটার সড়ক জুড়ে দীর্ঘ যানজট
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে ঈদুল ফিতরের ছুটিতে পর্যটকদের অতিরিক্ত চাপে ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গত শনিবার ঈদের দিন থেকে আজ সোমবার (২৩ মার্চ) দুপুর পর্যন্ত উদ্যানের ভেতর দিয়ে বয়ে চলা এই গুরুত্বপূর্ণ সড়কে প্রতিদিন বিকেলে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট লেগে থাকছে, যা দূর-দূরান্ত থেকে আসা পর্যটকদের চরম ভোগান্তিতে ফেলেছে।
সরেজমিনে দেখা যায়, উদ্যান এলাকায় দুপুর থেকেই যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে এবং পার্কিং ব্যবস্থা অপর্যাপ্ত হওয়ায় সড়কের দুই পাশে সিএনজি অটোরিকশা, জিপ ও পর্যটকবাহী বড় বাস রাখার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ছে। যানজটে আটকা পড়া পর্যটকরা অভিযোগ করেছেন, প্রায় ৩-৪ কিলোমিটার সড়কে যানজট থাকলেও তা নিরসনে পর্যাপ্ত জনবল দেখা যাচ্ছে না, ফলে বনের ভেতর দীর্ঘ সময় অপেক্ষা করে তাঁদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে।
সিএনজি চালক সাব্বির আহমেদ জানান, বড় বাসগুলো চলাচলের সময় সড়কের পাশে অবৈধ পার্কিংয়ের কারণে মূলত এই জটলা তৈরি হয়। বনবিভাগ ও ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, সামর্থ্যের তুলনায় অতিরিক্ত পর্যটক ও যানবাহন আসার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল-কমলগঞ্জ জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হোসেন চৌধুরী বলেন, "সড়কের তুলনায় গাড়ির সংখ্যা অনেক বেশি হওয়ায় বিকেলে এই সমস্যা প্রকট হচ্ছে, তবে যানজট নিরসনে পুলিশ নিরলস কাজ করে যাচ্ছে।"
উল্লেখ্য, ১২৫০ হেক্টর আয়তনের এই উদ্যানে ৪৬০ প্রজাতির দুর্লভ উদ্ভিদ ও প্রাণী রয়েছে, যা দেখতে প্রতি বছর ঈদের ছুটিতে হাজারো প্রকৃতিপ্রেমী এখানে ভিড় জমান। অপ্রতুল পার্কিং ও সরু সড়কের কারণে প্রতি বছরই উৎসবের সময় লাউয়াছড়া এলাকায় এমন বিশৃঙ্খলা দেখা দেয়, যার স্থায়ী সমাধান দাবি করেছেন পর্যটন সংশ্লিষ্টরা।
এ রহমান
মন্তব্য করুন: