কমলগঞ্জে তিন দিনব্যাপী ‘বিষ্ণুপ্রিয়া মণিপুরী আর্ট ফেস্টিভ্যাল’ শুরু
Led Bottom Ad

কমলগঞ্জে তিন দিনব্যাপী ‘বিষ্ণুপ্রিয়া মণিপুরী আর্ট ফেস্টিভ্যাল’ শুরু

নিজস্ব প্রতিনিধি, কমলগঞ্জ

২৩/০৩/২০২৬ ১৯:৩২:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বিষ্ণুপ্রিয়া মণিপুরী আর্ট ফেস্টিভ্যাল’। স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরতে মাল্টি-এথনিক অ্যাস্থেটিক আর্কিটেকচারাল অ্যান্ড ট্রান্স-কালচারাল রিসার্চ অ্যাসোসিয়েশন (মাত্রা)-এর উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়েছে। রবিবার (২২ মার্চ) সন্ধ্যায় উপজেলার মণিপুরী ললিতকলা একাডেমি প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘মণিপুরী সংস্কৃতি আমাদের জাতীয় গর্ব; এ ধরনের আয়োজন প্রান্তিক জনগোষ্ঠীর শিল্প-সংস্কৃতিকে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মণিপুরী ললিতকলা একাডেমির উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আসাদুজ্জামান, জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ এবং উপজেলা বিএনপির সদস্য আবুল হোসেন।

‘মাত্রা’র সভাপতি উজ্জ্বল সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরীয় ও সম্মাননা স্মারক প্রদান করে বরণ করে নেওয়া হয়। উৎসবে মণিপুরী সংস্কৃতির ঐতিহ্যবাহী নাটক, সংগীত এবং অনন্য চিত্রকলা প্রদর্শনী দর্শকদের মুগ্ধ করে। বক্তারা এ সময় হারিয়ে যেতে বসা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রাচীন শিল্পধারা সংরক্ষণে ‘মাত্রা’র এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্মল এস পলাশসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

তিন দিনব্যাপী এই উৎসবকে কেন্দ্র করে স্থানীয় সংস্কৃতিকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে এবং প্রতিদিন বিকেলে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা দেখার জন্য বিপুল সংখ্যক দর্শনার্থী ভিড় জমাচ্ছেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad