বড়লেখায় গৃহবধূর ওপর হামলার অভিযোগ, থানায় মামলা
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় এক গৃহবধূর ওপর হামলা ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বর্ণি উজিরপুর গ্রামের বাসিন্দা মনারা বেগম (৩৫) বড়লেখা থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, একই এলাকার সুমন আহমদ (২৭) ও জায়দুল ইসলাম (২৬) দীর্ঘদিন ধরে নানা অপকর্মে জড়িত বলে স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে।
মনারা বেগমের স্বামী জুবের আহমদ কিছুদিন আগে তাঁদের মাদক ব্যবসা করতে নিষেধ করলে অভিযুক্তরা ক্ষুব্ধ হয়ে পরিবারটিকে হুমকি দিতে শুরু করে বলে অভিযোগে বলা হয়েছে।
লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ২২ মার্চ সকালে মনারা বেগম বাড়িতে একা থাকাকালে অভিযুক্তরা জোরপূর্বক ঘরে প্রবেশ করে তাঁকে কুপ্রস্তাব দেয়। এতে রাজি না হলে তাঁকে মারধর করা হয় এবং শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে অভিযোগ। এ সময় তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।
পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
অভিযোগে বলা হয়েছে, ঘটনার পর থেকে অভিযুক্তরা ভুক্তভোগী ও তাঁর পরিবারকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এতে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে দাবি করা হয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী নারী সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
হিফজুর রহমান
মন্তব্য করুন: