কমলগঞ্জে শিলাবৃষ্টিতে চা বাগানের অর্ধশতাধিক শ্রমিকের ঘর বিধ্বস্ত
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর কানিহাঁটি চা বাগানে ভয়াবহ শিলাবৃষ্টিতে চা শ্রমিকদের অর্ধশতাধিক বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (১৮ মার্চ) রাতে শমসেরনগর ইউনিয়নসহ আশপাশের এলাকায় প্রায় ৩০ মিনিট ধরে চলা এই শিলাবৃষ্টিতে বড় আকারের শিলার আঘাতে শ্রমিকদের ঘরের টিনের চাল ফুটো হয়ে বৃষ্টির পানি ভেতরে ঢুকে পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের এই চা শ্রমিকরা।
ক্ষতিগ্রস্ত শ্রমিক রিতা মিন্ডা ও নৃত্য লাল মৃধা জানান, শিলার আঘাতে তাদের ঘরের বেশিরভাগ টিন নষ্ট হয়ে গেছে এবং বাগানের প্রায় প্রতিটি ঘরেই কমবেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
শমসেরনগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও চা শ্রমিক নেতা সীতারাম বিন জানান, তাঁর নিজের ঘরের চালও ফুটো হয়ে গেছে এবং বর্তমানে অনেক শ্রমিকের জরুরি ভিত্তিতে টিন ও আর্থিক সহযোগিতার প্রয়োজন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান এ বিষয়ে জানিয়েছেন, ক্ষয়ক্ষতির বিষয়টি প্রশাসনের নজরে এসেছে এবং ক্ষতিগ্রস্তরা আবেদন করলে বিধি মোতাবেক প্রয়োজনীয় সরকারি সহযোগিতা প্রদান করা হবে।
এ রহমান
মন্তব্য করুন: