মৌলভীবাজারে দুই দিনের বৃষ্টিতে প্রাণ ফিরেছে বোরো ক্ষেত ও চা বাগানের
মৌলভীবাজার জেলায় গত দুই দিনের টানা বৃষ্টিপাতে চা বাগান, বোরো ফসলের মাঠ এবং সামগ্রিক প্রকৃতিতে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে এবং তীব্র পানি সংকটের মুখে থাকা কৃষকদের মাঝে স্বস্তি দেখা দিয়েছে।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, শুক্রবার ও শনিবার এই অঞ্চলে ৪৪ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং আগামী দুই দিনও একই আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। দীর্ঘ খরায় চা গাছগুলো মরে যাওয়ার উপক্রম হয়েছিল, কিন্তু এই আগাম বৃষ্টির ফলে বাগানগুলোতে দ্রুত নতুন কুঁড়ি ও পাতা গজাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা; শমশেরনগর চা বাগানের সহকারী ব্যবস্থাপক ইকবাল হোসেন জানান, বছরে যে ৩-৪ মাস চা উৎপাদন ব্যাহত হয়, এই বৃষ্টির ফলে সেই ঘাটতি কাটিয়ে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ সহজ হবে। অন্যদিকে, বোরো ধান চাষিরা জানিয়েছেন যে পানির অভাবে ক্ষেতে রোগবালাই দেখা দিলেও বৃষ্টির পানি ফসলের জন্য আশীর্বাদ হয়ে এসেছে এবং এই পানি ধরে রাখার জন্য তারা জমির চারপাশের নালাগুলো বন্ধ করে দিয়েছেন।
মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জালাল উদ্দীন এই বৃষ্টিকে কৃষির জন্য অত্যন্ত ইতিবাচক হিসেবে উল্লেখ করে জানিয়েছেন যে, বোরো ধানের পাশাপাশি মৌসুমি ফলের মুকুল ও সবজি চাষের জন্য এই আবহাওয়া অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে।
এ রহমান
মন্তব্য করুন: