বড়লেখায় এতিম ও প্রতিবন্ধী শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ
আমেরিকা প্রবাসী আব্দুল আজিম-এর পৃষ্ঠপোষকতায় বড়লেখা প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে মৌলভীবাজারের বড়লেখায় এতিম ও প্রতিবন্ধী শিশুদের মধ্যে ঈদের কাপড় বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার স্থানীয় ষাটমা স্কুল প্রাঙ্গণে এ উপলক্ষে এক আলোচনা সভা ও কাপড় বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষক বদর উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাবেক বড়লেখা জামায়াতের আমির এমাদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, বড়লেখা নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. মোশাররফ হোসেন সবুজ, গাংকুল মনসুরিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক এম এ মোহাইমিন, শিক্ষক জাকির হোসেন, আলী হোসেন এবং অনলাইন সংবাদকর্মী নোমান প্রমুখ।
বক্তারা বলেন, প্রবাসীদের এমন মানবিক উদ্যোগ সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটায়। বিশেষ করে ঈদকে সামনে রেখে এতিম ও প্রতিবন্ধী শিশুদের পাশে দাঁড়ানো একটি মহৎ উদ্যোগ।
অনুষ্ঠানের শেষে এতিম ও প্রতিবন্ধী শিশুদের মধ্যে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
এ রহমান
মন্তব্য করুন: