কমলগঞ্জে আগুনে পুড়ল কৃষকের ৪০ মণ ধান, আহত ৩
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের রায়নগর গ্রামে অগ্নিকাণ্ডে কৃষক রুবেল দাসের গরুর ঘর ও ধানের গোলা পুড়ে গেছে। এতে প্রায় ৪০ মণ ধান ও একটি গাভি পুড়ে মারা গেছে। আগুন নেভাতে গিয়ে পরিবারের তিন সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার ভোরে মুন্সীবাজার ইউনিয়ন-এর ৫ নম্বর ওয়ার্ডের রায়নগর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন অর্চনা দাস (৬০), সীমা দাস (৩৫) ও রুপক দাস (৪০)। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক রুবেল দাস বলেন, সোমবার রাত প্রায় ১০টার দিকে বাড়ির উঠানের এক পাশে রাখা খড়ের ফেঁইনে আগুন দেখতে পান। তখন আশপাশের লোকজনের সহায়তায় আগুন নেভানো হয়। তবে মঙ্গলবার ভোরে গরুর ঘরে আবার আগুন দেখতে পেয়ে চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে আসেন। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ে টিনের ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।
খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স-এর কমলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে একটি গাভি ও ৪০ মণ ধান পুড়ে গেছে বলে জানান রুবেল দাস। এতে তাঁর প্রায় তিন থেকে চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি আরও অভিযোগ করেন, শত্রুতাবশত কেউ তাঁর গোয়ালঘরে আগুন দিয়েছে এবং এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তি দাবি করেন।
বিকেলে কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর ফারুক ঘটনাস্থল পরিদর্শন করেন।
কমলগঞ্জ ফায়ার সার্ভিসের দায়িত্বরত ফায়ারম্যান রিয়াদ বলেন, সকালে খবর পেয়ে টিম লিডার ফারুকুল ইসলামের নেতৃত্বে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক মিটার আগুনে পুড়ে যাওয়ার লক্ষণ দেখা গেলেও ক্ষতিগ্রস্ত কৃষক দাবি করেছেন, দুর্বৃত্তরা আগুন দিয়েছে।
ডি আর ডি
মন্তব্য করুন: