পরিমাপে কম পেট্রল দেওয়ায় কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে জরিমানা
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পেট্রল বিক্রিতে পরিমাপে কম দেওয়ার অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ মার্চ) বিকেলে উপজেলার শমশেরনগর ও ভানুগাছ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবিদ হোসেন। এ সময় তাঁর সঙ্গে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)–এর প্রতিনিধি উপস্থিত ছিলেন।
অভিযানকালে শমশেরনগর চৌমুহনা এলাকার কৈলাস প্রসাদ তেলের দোকানে মাপযন্ত্র পরীক্ষা করে লিটারে কম পেট্রল দেওয়ার সত্যতা পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া উপজেলার আরও তিনটি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে দেশে জ্বালানি তেলের সংকট দেখা দিতে পারে—এমন আশঙ্কায় কিছু অসাধু ব্যবসায়ী তেল বিক্রি বন্ধ রাখা, দোকান বন্ধ রাখা এবং পরিমাপে কম দেওয়ার অভিযোগে অভিযুক্ত হচ্ছিলেন। এ ছাড়া কয়েক দিন ধরে কিছু দোকানি মোটরসাইকেল চালকদের কাছে সীমিত পরিমাণে পেট্রল ও অকটেন বিক্রি করছিলেন বলেও অভিযোগ ওঠে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবিদ হোসেন বলেন, শমশেরনগরের একটি দোকানে মাপে কম দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। এ কারণে ওই দোকানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি আরও তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তাহির আহমদ
মন্তব্য করুন: