মৌলভীবাজারে চাঁদাবাজ ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর হুঁশিয়ারি এমপি নাসের রহমানের
মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মৌলভীবাজারে ‘কিশোর গ্যাং’ ও ‘চাঁদাবাজি’ শব্দ দুটি আর শুনতে চান না তিনি; জনস্বার্থে এসব অপকর্মের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।
বুধবার (৪ মার্চ) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলা কনফারেন্স রুমে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় এমপি নাসের রহমান স্থানীয় পুলিশ প্রশাসনকে বিশেষ নির্দেশনা দিয়ে বলেন, আগামী ৬০ দিনের মধ্যে জেলা থেকে চাঁদাবাজি নির্মূল করতে হবে এবং থানায় গিয়ে সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে সেবা পেতে পারেন তা নিশ্চিত করতে হবে।
তিনি কঠোর ভাষায় সতর্ক করে বলেন, ‘চাঁদাবাজদের মার দেওয়া ফরজে কেফায়া’ এবং দলীয় পরিচয় ব্যবহার করে কেউ যদি মাস্তানি বা চাঁদাবাজি করার চেষ্টা করে, তবে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, এলাকার উন্নয়নে দল-মত নির্বিশেষে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে এবং সরকারি সেবা নিতে এসে কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন। সভায় উপস্থিত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা তাঁদের কার্যক্রমের প্রতিবেদন তুলে ধরলে সংসদ সদস্য তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং জনদুর্ভোগ লাঘবে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভা শেষে এম নাসের রহমান উপজেলা চত্বরে নারিকেল গাছের চারা রোপণ করেন; এ সময় জেলা ও উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ রহমান
মন্তব্য করুন: