মৌলভীবাজারে ১১০ বস্তা ভারতীয় জিরাসহ ট্রাক জব্দ: আটক ১
মৌলভীবাজার সদর মডেল থানাধীন শেরপুর পুলিশ ফাঁড়ির এক বিশেষ অভিযানে ১১০ বস্তা ভারতীয় জিরা ও একটি ট্রাকসহ রবিউল ইসলাম (৩৭) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাত ১১টা ৫০ মিনিটের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর পয়েন্ট এলাকায় একটি বিশেষ চেকপোস্ট পরিচালনাকালে এই সাফল্য পায় পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপু কুমার দাশের নেতৃত্বে সন্দেহভাজন একটি ট্রাককে (ঢাকা মেট্রো-ট-২৪-১০০৪) থামার সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করে, তবে পুলিশ তাৎক্ষণিক ব্যারিকেড দিয়ে ট্রাকটি আটকে দেয়। পরবর্তীতে ট্রাকে তল্লাশি চালিয়ে ‘মাস্ট গোল্ড’ ও ‘কেএস গোল্ড’ ব্র্যান্ডের মোট ৩ হাজার ৩০০ কেজি (১১০ বস্তা) ভারতীয় জিরা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রবিউল ইসলাম পাবনা জেলার সাথিয়া উপজেলার বাসিন্দা; প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, জিরার এই বিশাল চালানটি সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ঢাকায় বিক্রির উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।
মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, জব্দকৃত পণ্যের কোনো বৈধ কাগজপত্র না থাকায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে এবং এ ঘটনার সাথে জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: