মৌলভীবাজারে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যুবক খুন, গ্রেপ্তার ৩
মৌলভীবাজারের রাজনগর-এ ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে নিহত তারেক আহমদ হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার (২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে খুলশী থানা এলাকার মতিঝর্ণা কলোনিতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি মেহেদী হাসান আতিক (২২), সবুজ মিয়া (২৬) ও রিয়াদ মিয়া (২১)কে গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা যায়, ২৫ ফেব্রুয়ারি বিকেলে রাজনগর সদর ইউনিয়নের ঘরগাঁও গ্রামের বালিদীঘির পাড়ে কয়েকজন যুবক ক্রিকেট খেলছিলেন। এ সময় তারেক আহমদের সঙ্গে প্রতিবেশী আতিকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন তারেক। প্রথমে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ২৬ ফেব্রুয়ারি নিহতের বড় বোন সেলিনা জান্নাত সুমা বাদী হয়ে রাজনগর থানায় হত্যা মামলা করেন।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, গ্রেপ্তার তিনজনকে থানায় আনা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান চলছে।
ডি আর ডি
মন্তব্য করুন: