মৌলভীবাজারে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক নিহত
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে তারেক (২২) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইফতারের আগমুহূর্তে উপজেলার ঘড়গাঁও এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত তারেক স্থানীয় ঘড়গাঁও এলাকার বাসিন্দা এবং অভিযুক্ত আতিক তাঁর সমবয়সী ও সম্পর্কে চাচা হন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ওই এলাকার একটি মাঠে স্থানীয় যুবকরা ক্রিকেট খেলার সময় জোরে বল করা নিয়ে তারেক ও আতিকের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আতিক ক্ষিপ্ত হয়ে তারেককে লক্ষ্য করে এলোপাথাড়ি ছুরিকাঘাত করলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে অবস্থার অবনতি হলে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান; সেখানে কর্তব্যরত চিকিৎসক তারেককে মৃত ঘোষণা করেন।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন এবং তাঁকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: