জিলাপিতে বিষাক্ত হাইড্রোজের ব্যবহার
মৌলভীবাজারের বেঙ্গল সুইট ফুডকে ১৬ লাখ টাকা জরিমানা
জিলাপিতে মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর ও নিষিদ্ধ রাসায়নিক ‘হাইড্রোজ’ (সোডিয়াম হাইড্রো সালফাইড) ব্যবহারের দায়ে মৌলভীবাজারের সুপরিচিত মিষ্টান্ন প্রতিষ্ঠান ‘বেঙ্গল সুইট ফুড’-কে ১৬ লাখ টাকা জরিমানা করেছে মৌলভীবাজার বিশুদ্ধ খাদ্য আদালত। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. শাকিব হোসাইন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই দণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, ল্যাবরেটরি পরীক্ষায় জিলাপিতে হাইড্রোজের অস্তিত্ব মেলায় গত বছরের ২৮ আগস্ট নিরাপদ খাদ্য পরিদর্শক দীপংকর ব্রহ্মচারী বাদী হয়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। মামলার দীর্ঘ শুনানি শেষে গত ২৩ ফেব্রুয়ারি বিশুদ্ধ খাদ্য আদালত ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক আরিফ বিল্লাহ তারেক ‘নিরাপদ খাদ্য আইন-২০১৩’ অনুযায়ী দুটি ধারায় এই বিপুল অংকের জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
নিরাপদ খাদ্য অফিসার মো. শাকিব হোসাইন জানান, হাইড্রোজ একটি শিল্পকারখানায় ব্যবহৃত রাসায়নিক যা খাদ্য উৎপাদনে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ; এটি গ্রহণ করলে পাকস্থলীর ক্যান্সার, আলসার ও কিডনি বিকল হওয়ার মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়। জনস্বাস্থ্য রক্ষায় ভেজাল ও ক্ষতিকারক উপাদানের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অবস্থান ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি হুঁশিয়ারি প্রদান করেন।
এ রহমান
মন্তব্য করুন: