মৌলভীবাজারে ফুলেল সংবর্ধনায় সিক্ত নবনির্বাচিত এমপি নাসের রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ গ্রহণের পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকা মৌলভীবাজারে পৌঁছে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে তিনি ঢাকা থেকে সড়কপথে সদর উপজেলার গিয়াসনগর বাজারে পৌঁছালে জেলা, উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে একটি বর্ণাঢ্য মোটর শোভাযাত্রার মাধ্যমে তিনি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এবং জিপে দাঁড়িয়ে সাধারণ জনতার অভিবাদনের জবাব দেন। শহর প্রদক্ষিণ শেষে তিনি তাঁর পৈতৃক নিবাস বাহারমর্দানে পৌঁছে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম সাইফুর রহমান এবং মাতা দুররে সামাদ রহমানের কবর জিয়ারত করেন। সংবর্ধনা অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানসহ জেলা ও সদর উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এম নাসের রহমান বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইতোমধ্যে ‘ফ্যামিলি কার্ড’, ‘কৃষক কার্ড’ ও দেশব্যাপী ‘খাল খনন’ কর্মসূচি পাইলট প্রজেক্ট হিসেবে শুরু হয়েছে, যা মৌলভীবাজারেও দ্রুত বাস্তবায়ন করা হবে। তিনি আরও ঘোষণা দেন যে, আগামী জুলাই মাস থেকে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, রাস্তা-ঘাট, ব্রিজ এবং বিশুদ্ধ পানির জন্য ডিপ টিউবওয়েল স্থাপনের কাজ পুরোদমে শুরু হবে। দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি জানান, ধর্মীয় সম্প্রীতি রক্ষায় মসজিদের ইমাম, মোয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী ভাতা কার্যক্রমও সফলভাবে শুরু হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: