পর্যটন নগরী শ্রীমঙ্গলে তীব্র যানজট,ভোগান্তিতে শহরবাসী
Led Bottom Ad

পর্যটন নগরী শ্রীমঙ্গলে তীব্র যানজট,ভোগান্তিতে শহরবাসী

নিজস্ব প্রতিনিধি, শ্রীমঙ্গল

২৪/০২/২০২৬ ০৮:৫২:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

পর্যটন নগরী শ্রীমঙ্গল শহরে যানজট এখন নিত্যদিনের চিত্র। সকাল থেকে রাত পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে দীর্ঘ যানজট লেগেই থাকছে। ছুটির দিনগুলোতে পর্যটকের চাপ বাড়লে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন শহরবাসী।


বিশেষ করে হবিগঞ্জ রোড, মৌলভীবাজার রোড, স্টেশন রোড ও ভানুগাছ রোডে প্রায় সারাদিনই যানবাহনের ধীরগতি দেখা যায়। কয়েক শ মিটার পথ অতিক্রম করতে সময় লাগছে আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা পর্যন্ত। এতে অ্যাম্বুলেন্সের রোগী, স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীরা দুর্ভোগে পড়ছেন।


সরেজমিনে দেখা গেছে, শহরের বিভিন্ন মোড়ে যানজটের অন্যতম কারণ অপরিকল্পিত বাসস্ট্যান্ড, সড়কের দুই পাশের ফুটপাত দখল, ভ্রাম্যমাণ দোকান, যত্রতত্র গাড়ি পার্কিং এবং ব্যাটারিচালিত অটোরিকশা ও টমটমের আধিক্য। এসব যানবাহন নির্দিষ্ট স্ট্যান্ড বা নিয়ম না মেনে যেখানে-সেখানে যাত্রী ওঠানামা করায় সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আঞ্চলিক মহাসড়কসহ ব্যস্ত সড়কগুলোতেও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছে। কোথাও কোনো নিয়ন্ত্রণ নেই। ফুটপাত দখল থাকায় পথচারীরা সড়কে নেমে হাঁটতে বাধ্য হচ্ছেন। এতে যানবাহনের গতি কমে যাচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।


শহরের ব্যবসায়ী খালিদ সাইফুল্লাহ বলেন, আগে অলিগলিতে সীমিত থাকলেও এখন গুরুত্বপূর্ণ সড়কগুলোতেও টমটম ও অটোরিকশার দৌরাত্ম্য বেড়েছে। ট্রাফিক ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তন না থাকায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। আরেক দোকানদার সোহান মিয়া বলেন, ধোঁয়া ও শব্দদূষণে ব্যবসা পরিচালনা করাই কঠিন হয়ে পড়েছে।


শিক্ষক আশিকুর রহমান জানান, অটোরিকশাগুলো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করায় প্রতিদিনই যানজট তৈরি হচ্ছে। শ্রীমঙ্গল সরকারি কলেজের এক শিক্ষার্থী বলেন, সময় নিয়ে বের হলেও যানজটে আটকে ক্লাস ও পরীক্ষায় দেরি হয়ে যায়।


উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শহরের যানজট নিরসনে ৬ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ একটি বাইপাস সড়ক নির্মাণের অনুমোদন হয়েছে। সড়কটিতে রোড ডিভাইডার, ১১টি কালভার্ট ও একটি সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩৫৫ কোটি টাকা।


ট্রাফিক বিভাগ জানায়, সীমিত জনবল দিয়ে তারা যানজট নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত করা এবং সড়ক শৃঙ্খলা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন বলেন, শ্রীমঙ্গল মৌলভীবাজার জেলার প্রবেশদ্বার হওয়ায় এখানে সারা বছর পর্যটকের চাপ থাকে। বাইপাস সড়ক নির্মাণ হলে শহরের যানজট অনেকাংশে কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad