শ্রীমঙ্গলে ড্রেন খননের সময় মর্টার শেল উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ড্রেন খননের সময় মাটির নিচ থেকে পরিত্যক্ত একটি মর্টার শেলের অংশ উদ্ধার হয়েছে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের দুর্গানগর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গানগর গ্রামের কৃষক শহিদ মিয়া বাড়ির পাশের ড্রেন (খাল) খননের সময় মাটির নিচে একটি ভারী ধাতব বস্তু দেখতে পান। প্রথমে সেটিকে লোহার দণ্ড মনে হলেও পরে সন্দেহ হয়, এটি বিস্ফোরক জাতীয় কিছু হতে পারে। খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) ওয়াহিদুজ্জামান রাজু এবং শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে বস্তুটি মর্টার শেলের অংশ বলে ধারণা করা হচ্ছে। উদ্ধার করা অংশটি যেখানে পাওয়া গেছে, সেই স্থানটি ঘিরে রাখা হয়েছে। বিষয়টি সিলেট মেট্রোপলিটন পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে জানানো হয়েছে এবং তাদের একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
সহকারী পুলিশ সুপার ওয়াহিদুজ্জামান রাজু বলেন, “সকালে এক কৃষক ড্রেন খননের সময় মাটির নিচে একটি ভারী ধাতব বস্তু দেখতে পান। পরে স্থানীয়ভাবে যাচাই করে সন্দেহ হলে পুলিশকে জানানো হয়। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এসে পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা নেবে।”
বোমা নিষ্ক্রিয়করণ দল না আসা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। স্থানীয়দের নিরাপদ দূরত্ব বজায় রাখতে অনুরোধ জানানো হয়েছে।
ডি আর ডি
মন্তব্য করুন: