শ্রদ্ধা জানাতে কলাগাছই ভরসা
মৌলভীবাজারে ৬০৩ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই শহীদ মিনার
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে সারা দেশ, তবে মৌলভীবাজার জেলার ৬০৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থায়ী শহীদ মিনার না থাকায় যথাযথভাবে শ্রদ্ধা নিবেদন থেকে বঞ্চিত হচ্ছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলায় মোট ১ হাজার ৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে মাত্র ৪৪৮টিতে শহীদ মিনার রয়েছে, বাকি অর্ধেকেরও বেশি বিদ্যালয়ে কোনো স্থায়ী বেদী নেই। ২১শে ফেব্রুয়ারির সকালে সরেজমিনে দেখা যায়, পবিত্র রমজান উপলক্ষে বিদ্যালয় বন্ধ থাকলেও দিবসটি পালনে অনেক প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা অস্থায়ীভাবে কলাগাছ, বাঁশ ও কাগজ দিয়ে শহীদ মিনার তৈরি করে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে। কোমলমতি শিশুদের মনে ভাষা দিবসের চেতনা ছড়িয়ে দিতে প্রতিটি বিদ্যালয়ে শহীদ মিনার থাকা জরুরি বলে মনে করেন শিক্ষক ও স্থানীয় সচেতন মহল।
কমলগঞ্জ উসমানগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাবেরি দে আক্ষেপ প্রকাশ করে জানান, দীর্ঘদিন আবেদন করেও তাঁর বিদ্যালয়ে কোনো শহীদ মিনার বরাদ্দ মেলেনি। বেসরকারি শিক্ষক মো. ইকবাল হোসেন সজিব বলেন, শিশুদের শুরু থেকেই ভাষা শহীদদের সঠিক ইতিহাস জানাতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি বা ব্যক্তিগত উদ্যোগে শহীদ মিনার স্থাপন করা প্রয়োজন।
এ বিষয়ে মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সফিউল আলম পরিস্থিতির সত্যতা স্বীকার করে জানান, জেলার প্রায় অর্ধেক বিদ্যালয়ে শহীদ মিনার নেই। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রতিটি বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণের জন্য নবগঠিত সরকারের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হবে।
এ রহমান
মন্তব্য করুন: