বড়লেখায় অতিরিক্ত দামে গরুর মাংস বিক্রি: বিক্রেতাকে জরিমানা
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে হাজীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গালিব চৌধুরীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অতিরিক্ত দামে গরুর মাংস বিক্রির দায়ে এক বিক্রেতাকে অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালীন সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গরুর মাংস বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায় কাইয়ুম (২৭) নামের এক বিক্রেতাকে আটক করা হয়। তিনি উপজেলার স্থানীয় বাসিন্দা ছইদ আলীর ছেলে। পরবর্তীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ধারায় অপরাধী সাব্যস্ত করে তাঁকে ৪,০০০ (চার হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এই ঝটিকা অভিযান চালানো হয়।
উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী জানান, রমজান মাসে সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে এবং বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। তিনি সকল ব্যবসায়ীকে মূল্যতালিকা প্রদর্শন ও নির্ধারিত দামে পণ্য বিক্রির আহ্বান জানান এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রদান করেন।
এ রহমান
মন্তব্য করুন: