শ্রীমঙ্গলে লেবুর দামে ‘আগুন’: প্রতি হালি ২০০ টাকা!
Led Bottom Ad

শ্রীমঙ্গলে লেবুর দামে ‘আগুন’: প্রতি হালি ২০০ টাকা!

নিজস্ব প্রতিনিধি, শ্রীমঙ্গল

১৮/০২/২০২৬ ২৩:১২:৪৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

চায়ের জনপদ ও লেবুর রাজ্য হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হঠাৎ করেই আকাশচুম্বী হয়ে উঠেছে লেবুর দাম। বড় সাইজের এক হালি লেবু খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২০০ টাকা পর্যন্ত। পবিত্র রমজান মাস শুরুর আগেই লেবুর এই অস্বাভাবিক দাম বৃদ্ধিতে চরম বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) শ্রীমঙ্গল বাজার ও আড়তগুলো ঘুরে দেখা গেছে লেবু বড় সাইজ প্রতি হালি ১৬০ থেকে ২০০ টাকা, মাঝারি সাইজ ১৫০ থেকে ১৭৫ টাকা ও ছোট সাইজ ৮০ থেকে ১০০ টাকা।

মাত্র এক মাস আগেও এই লেবুর হালি ছিল ৪০ থেকে ৫০ টাকা। পাইকারি আড়তে সরবরাহ কমে যাওয়ায় প্রতি পিস লেবু খুচরা বিক্রেতাদের ১৮ থেকে ৪৫ টাকা দরে কিনতে হচ্ছে বলে জানান তারা।

বাগান মালিক ও ব্যবসায়ীদের মতে, ফলন বিপর্যয়ের কারণেই বাজারে এই সংকট তৈরি হয়েছে। হোসনেবাদ এলাকার বাগান মালিক জুয়েল আহমদ চৌধুরী জানান, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় লেবুর ফুল ঝরে গেছে এবং ফলন স্বাভাবিকের চেয়ে এক-চতুর্থাংশ কমে গেছে।

ব্যবসায়ী মালেক মিয়া জানান, ভরা মৌসুমে একটি গাছে ৩০০টি লেবু হলেও এখন অনেক গাছে মাত্র ১০-১৫টি লেবু রয়েছে।

রমজানে ইফতারে লেবুর শরবতের ব্যাপক চাহিদা থাকে। কিন্তু আকাশচুম্বী দামের কারণে অনেকেই লেবু কেনা বাদ দিচ্ছেন। ক্রেতা মোস্তাক আহমদ ক্ষোভ প্রকাশ করে বলেন, "লেবুর রাজ্যে থেকেও এক হালি লেবু ২০০ টাকা দিয়ে কিনতে হচ্ছে, এটি মেনে নেওয়া কঠিন।" অন্য এক ক্রেতা জানান, লেবুর বদলে এবার বিকল্প পানীয়েই হয়তো ইফতার সারতে হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলাউদ্দিন জানান, শ্রীমঙ্গলে ১ হাজার ২৩৫ হেক্টর জমিতে লেবু চাষ হলেও প্রতিকূল আবহাওয়ার কারণে উৎপাদন ব্যাহত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিন বলেন, “আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। কিছু দোকানে মূল্যতালিকা না থাকায় ইতোমধ্যে জরিমানা করা হয়েছে। রমজানে কেউ যাতে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেজন্য আমাদের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।”


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad