ভ্রাম্যমাণ আদালতের অভিযান
বড়লেখায় অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ২৫ হাজার টাকা জরিমানা
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বড়লেখা পৌর শহরে এই অভিযান পরিচালিত হয়।
বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা নাদিয়া এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযান চলাকালে বড়লেখা বাজার এলাকায় অবস্থিত ‘র্যাপিড সলিউশন গ্যাস হাউস’-এ অনিয়মের প্রমাণ পাওয়া যায়। দেখা যায়, প্রতিষ্ঠানটি সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে ভোক্তাদের কাছে গ্যাস সিলিন্ডার বিক্রি করছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী, অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে দোকানের মালিক বাবুল আহমেদকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
ইউএনও নাঈমা নাদিয়া জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এই অভিযান চালানো হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "অতিরিক্ত মূল্য আদায় বা কোনো ধরনের বাজার কারসাজির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: