পাল্টালাল্টি দোষারোপ
মৌলভীবাজারে বিএনপি-জামায়াত সংঘর্ষে ১০ জন আহত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের ঠিক পূর্ব মুহূর্তে মৌলভীবাজার-২ (জুড়ী-কুলাউড়া) আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের শিলুয়া ও বিএনপি প্রার্থী নাসির উদ্দীন মিঠুর বাসার সামনে এ সংঘর্ষে জামায়াতের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।
আহতদের মধ্যে জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জামায়াত প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলামের বড় ভাই আতিকুল ইসলাম, শিবির নেতা তারেক, আব্দুল্লাহ এবং এনসিপির কয়েকজন নেতাকর্মী রয়েছেন। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জামায়াত নেতা মাওলানা আব্দুর রহমান অভিযোগ করেন, বিএনপি প্রার্থী নাসির উদ্দীন মিঠুর নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়েছে। অন্যদিকে বিএনপি প্রার্থী নাসির উদ্দীন মিঠু দাবি করেন, জামায়াত কর্মীরা এলাকায় টাকা বিতরণ করতে গেলে তার কর্মীরা বাধা দেন, এবং এরপরই সংঘর্ষের সূত্রপাত হয়।
হামলার খবর ছড়িয়ে পড়লে অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামায়াত ও এনসিপি নেতাকর্মীরা জুড়ী থানার সামনে অবরোধ করেন। পরে জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফ দস্তেগীর ঘটনাস্থলে গিয়ে অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা অবরোধ প্রত্যাহার করেন। ইউএনও জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এই সংঘর্ষের ফলে মৌলভীবাজার-২ আসনে বিএনপি ও জামায়াতের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে।
এ রহমান
মন্তব্য করুন: