মৌলভীবাজারে ময়লার ভাগাড়ে দাঁড়িয়ে ইশতেহার ঘোষণা এনসিপি প্রার্থীর
Led Bottom Ad

মৌলভীবাজারে ময়লার ভাগাড়ে দাঁড়িয়ে ইশতেহার ঘোষণা এনসিপি প্রার্থীর

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

০৮/০২/২০২৬ ১৪:৪৮:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজার–৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে ব্যতিক্রমীভাবে ময়লার ভাগাড়ে দাঁড়িয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী প্রীতম দাশ।


রোববার দুপুরে শ্রীমঙ্গল পৌরসভার কলেজ রোড এলাকার একটি ময়লার ভাগাড়ে তিনি এই ইশতেহার ঘোষণা করেন। ওই স্থানের সামনে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান, একটি মসজিদ ও ঘনবসতিপূর্ণ এলাকা রয়েছে। ইশতেহার ঘোষণার সময় দলের অল্পসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


এর আগে শহরের একটি হোটেলে ইশতেহার ঘোষণার কথা থাকলেও পরে কর্মসূচির স্থান পরিবর্তন করা হয়।


ইশতেহার ঘোষণার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রীতম দাশ। তিনি বলেন, শ্রীমঙ্গলবাসীর দীর্ঘদিনের অন্যতম বড় সমস্যা এই ময়লার ভাগাড়। তীব্র দুর্গন্ধ ও স্বাস্থ্যঝুঁকিতে এখানকার শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা ভুগছেন। জনগণের এই দুর্ভোগের দিকটি তুলে ধরতেই তিনি ময়লার ভাগাড়ের সামনে দাঁড়িয়ে ইশতেহার ঘোষণা করেছেন। নির্বাচিত হলে এ সমস্যার স্থায়ী সমাধানে কাজ করার আশ্বাস দেন তিনি।


ইশতেহারে চা শ্রমিক ও আদিবাসীদের ভূমির অধিকার নিশ্চিত করা, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের মাধ্যমে আদিবাসী ঐতিহ্য তুলে ধরার অঙ্গীকার করা হয়। পাশাপাশি হাওর দখলমুক্ত করা, সিন্ডিকেট ভেঙে নির্দিষ্ট ফি দিয়ে মাছ ধরার অধিকার নিশ্চিত করা এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট স্থাপনের প্রতিশ্রুতি দেওয়া হয়।


স্বাস্থ্য খাতে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সকে ২৫০ শয্যায় উন্নীত করা, চিকিৎসক ও নার্সের সংখ্যা বাড়ানোর কথা উল্লেখ করা হয়। পৌরসভা সম্প্রসারণ, শমসেরনগরকে পূর্ণাঙ্গ পৌরসভায় রূপান্তর, যানজট নিরসনে আধুনিক বাসস্ট্যান্ড ও সিএনজি স্টেশন নির্মাণের পরিকল্পনাও তুলে ধরা হয়।


এ ছাড়া কৃষকদের জন্য সার ও সেচব্যবস্থা সহজলভ্য করা, তরুণদের জন্য ওয়ান স্টপ ইয়ুথ সেন্টার ও ডিজিটাল হাব প্রতিষ্ঠা, ইকো-কালচারাল ট্যুরিজম উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির কথা বলা হয়।


ইশতেহারে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কমিউনিটি সেফটি নেটওয়ার্ক গঠন এবং প্রশাসনে জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।


শেষে প্রীতম দাশ বলেন, শ্রীমঙ্গল–কমলগঞ্জ দীর্ঘদিন ধরে অবহেলিত। এই অঞ্চলকে একটি মানবিক ও সমৃদ্ধ জনপদে রূপান্তর করাই তাঁর লক্ষ্য। তিনি শাপলাকলি প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad