মৌলভীবাজার-৩: ধানের শীষ জিতলে কৃষিঋণ মওকুফ ও হেলথ কার্ডের প্রতিশ্রুতি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কৃষকদের সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ এবং নারীদের জন্য বিশেষ ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে বলে জানিয়েছেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রেজিনা নাসের। তিনি বলেন, ধানের শীষ বিজয়ী হলে মৌলভীবাজার ও রাজনগরে আবারও পরিকল্পিত এবং টেকসই উন্নয়নের ধারা ফিরিয়ে আনা হবে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে আয়োজিত ধানের শীষের এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রেজিনা নাসের মৌলভীবাজার-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম নাসের রহমানের সহধর্মিণী।
বক্তব্যে রেজিনা নাসের অভিযোগ করে বলেন, “দীর্ঘদিন ধরে রাজনগর ও মৌলভীবাজারের গ্রামীণ জনপদগুলো উন্নয়ন বৈষম্যের শিকার। বিএনপি ক্ষমতায় গেলে এই অবহেলার অবসান ঘটিয়ে সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। বিশেষ করে কৃষিপণ্য পরিবহনের সুবিধার্থে গ্রামীণ রাস্তাঘাট সংস্কারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।”
তিনি বিএনপির আগামীর পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, কৃষকদের স্বাস্থ্য ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ ও ‘হেলথ কার্ড’ চালু করা হবে। এছাড়া নারীদের সামাজিক সুরক্ষা ও ক্ষমতায়নে ‘ফ্যামিলি কার্ড’ একটি বৈপ্লবিক পদক্ষেপ হিসেবে কাজ করবে।
রেজিনা নাসের আরও বলেন, “ধানের শীষ কেবল একটি প্রতীক নয়, এটি জনগণের অধিকার পুনরুদ্ধারের অঙ্গীকার। আসন্ন নির্বাচনে ব্যালটের মাধ্যমে দেশের মানুষ স্বৈরাচার ও বৈষম্যের জবাব দেবে।”
এ রহমান
মন্তব্য করুন: