ইশতেহার দিলেন আব্দুন নুর
‘বড়লেখা-জুড়ীকে মডেল হিসেবে গড়ার অঙ্গীকার’
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার-১ (বড়লেখা–জুড়ী) আসনে গণঅধিকার পরিষদ (জিওপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুন নুর তালুকদার তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। ইশতেহারে তিনি শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে বড়লেখা ও জুড়ী উপজেলাকে একটি আধুনিক ও দুর্নীতিমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় বড়লেখা পৌর শহরের ইয়াম্মি প্যারাডাইস রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ইশতেহার উপস্থাপন করেন।
সংবাদ সম্মেলনে আব্দুন নুর তালুকদার নিজেই ইশতেহারের মূল অংশগুলো পাঠ করেন। তিনি বলেন, “গণঅধিকার পরিষদ জনগণের প্রকৃত অধিকার আদায়ের লক্ষ্যে রাজনীতি করে। আমি নির্বাচিত হলে বড়লেখা ও জুড়ী উপজেলার দীর্ঘদিনের অবহেলিত যোগাযোগ ব্যবস্থা, কৃষি ও স্বাস্থ্য খাতের বৈপ্লবিক পরিবর্তন আনব। বিশেষ করে যুবকদের কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে কারিগরি শিক্ষার প্রসার ঘটানো হবে।”
তিনি আরও বলেন, “সংসদে আমি বড়লেখা-জুড়ীর গণমানুষের কণ্ঠস্বর হয়ে কাজ করব। কোনো ধরনের অন্যায়, বৈষম্য বা দুর্নীতির সঙ্গে আপস করা হবে না। একটি জবাবদিহিমূলক ও নিরাপদ নির্বাচনী এলাকা উপহার দেওয়াই আমার মূল লক্ষ্য।” এ সময় তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে তাঁর প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা আব্দুন নুর তালুকদারের স্বচ্ছ ভাবমূর্তি ও তারুণ্যদীপ্ত নেতৃত্বের ওপর আস্থা প্রকাশ করেন।
এ রহমান
মন্তব্য করুন: