বড়লেখায় বিপুল পরিমাণ বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার
Led Bottom Ad

সীমান্তে বিজিবির অভিযান

বড়লেখায় বিপুল পরিমাণ বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

০৩/০২/২০২৬ ১৬:০৯:৪২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অবৈধ অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের তারাদরম এলাকায় এই অভিযান চালানো হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

​বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত সরঞ্জামাদির মধ্যে রয়েছে ভারতের নাগপুরের এসবিএল এনার্জি লিমিটেডের তৈরি ২৪টি উচ্চক্ষমতাসম্পন্ন ‘পাওয়ারজেল নাইনটি’, ২৩টি ডিটোনেটর, ১৫ মিটার ডিটোনেটর কর্ড এবং ৩টি পাইপ গান।

​অভিযানের বিবরণ দিয়ে বিজিবি জানায়, সোমবার রাত ১২টা ১০ মিনিটের দিকে বিয়ানীবাজার ৫২ বিজিবির নিউ পাল্লাথল বিওপির আওতাধীন সীমান্ত পিলার ১৩৭৫/এম এলাকা দিয়ে কয়েকজন দুষ্কৃতিকারী অবৈধ অস্ত্র ও বিস্ফোরক নিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে বিজিবি। ৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজনের নেতৃত্বে একটি দল এবং বড়লেখা নির্বাচনী বেইজ ক্যাম্পের মেজর এম জাহিদের নেতৃত্বে অপর একটি দল যৌথভাবে অভিযানে অংশ নেয়।

​বিজিবির উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা গভীর জঙ্গলে পালিয়ে যায়। পরে সীমান্ত থেকে প্রায় ৩ কিলোমিটার অভ্যন্তরে তারাদরম এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ওই বিস্ফোরক ও অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

​বিয়ানীবাজার ৫২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন বলেন, “উদ্ধারকৃত বিস্ফোরক ও অস্ত্রের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে তদন্ত চালানো হচ্ছে।”

​তিনি আরও বলেন, “নির্বাচন সামনে রেখে সীমান্ত দিয়ে যেকোনো ধরনের নাশকতা বা সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে এবং অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বোচ্চ সজাগ রয়েছে।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad