‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার প্রতিশ্রুতি
বড়লেখায় ধানের শীষের পক্ষে ফৌজিয়া আহমেদের উঠান বৈঠক
আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বড়লেখায় ধানের শীষের পক্ষে নারী ভোটারদের নিয়ে নির্বাচনি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বড়লেখা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার ফাহিমের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব নাসির উদ্দীন আহমেদ মিঠুর সহধর্মিণী ফৌজিয়া আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে ফৌজিয়া আহমেদ বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের কল্যাণে কাজ করছেন। তিনি ঘোষণা দিয়েছেন, বিএনপি সরকার গঠন করলে দুস্থ ও সাধারণ মানুষের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। দেশের উন্নয়নের ধারা বজায় রাখতে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে মিঠু সাহেবকে জয়যুক্ত করার আহ্বান জানান।”
বড়লেখা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রেহানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপজেলা মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে রেহানা বেগম বলেন, “নির্বাচন ঘনিয়ে আসছে, এখন আর ঘরে বসে থাকার সময় নেই। মিঠু ভাইয়ের পক্ষে আমাদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে এবং ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে।”
পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রুকাইয়া আক্তার রিয়া, আয়শা আক্তারসহ এলাকার বিপুল সংখ্যক নারী ভোটার ও দলীয় কর্মী-সমর্থক। বৈঠক শেষে ফৌজিয়া আহমেদ স্থানীয় নারীদের সঙ্গে মতবিনিময় ও ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন।
এ রহমান
মন্তব্য করুন: