মৌলভীবাজারে ভাইকে হত্যার ১৫ বছর পর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
মৌলভীবাজারের কুলাউড়ায় আপন বড় ভাইকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মহসিন মিয়াকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘ ১৫ বছর কাতার ও পর্তুগালে আত্মগোপনে থাকার পর দেশে ফিরলে শুক্রবার রাতে তাঁকে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ধামুলী গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
মহসিন মিয়া ধামুলী গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। ২০১০ সালে পারিবারিক বিরোধের জেরে তিনি তাঁর বড় ভাইকে হত্যা করেন। ওই ঘটনায় দায়েরকৃত মামলায় আদালত তাঁকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করলেও মহসিন দীর্ঘদিন পলাতক ছিলেন।
কুলাউড়া থানা পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুল আলীম, এসআই আল-আমিন এবং এএসআই আরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ধামুলী গ্রামে অভিযান চালায়। এ সময় প্রবাস থেকে সম্প্রতি দেশে ফেরা মহসিনকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে আরও জানা যায়, হত্যাকাণ্ডের পর গ্রেপ্তার এড়াতে মহসিন প্রথমে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে পাড়ি জমান। পরবর্তীতে সেখান থেকে তিনি ইউরোপের দেশ পর্তুগালে গিয়ে আত্মগোপন করেন। দীর্ঘ দেড় দশক প্রবাসে কাটিয়ে অতি সম্প্রতি তিনি অত্যন্ত গোপনে এলাকায় ফিরেছিলেন। তবে পুলিশের গোয়েন্দা নজরদারির কারণে শেষ রক্ষা হয়নি তাঁর।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা আজ শনিবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি মহসিন মিয়া দীর্ঘ ১৫ বছর ধরে পলাতক ছিলেন। তাঁকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: