বড়লেখায় বিএনপির নির্বাচনী প্রস্তুতি সভা: দুই নেতার যোগদান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠুর নির্বাচন পরিচালনা বিষয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বড়লেখা আব্দুর রহমান কনভেনশন হলে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল করিম ময়ুন বলেন, “জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াইয়ে আমরা চূড়ান্ত পর্যায়ে আছি। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তৃণমূলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে।”
প্রধান বক্তার বক্তব্যে মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন বলেন, আসন্ন নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল স্থানীয় নেতা শাবুদ্দিন আহমেদ ও কাজলের বিএনপিতে আনুষ্ঠানিক যোগদান। নেতৃবৃন্দ তাঁদের ফুল দিয়ে বরণ করে নেন এবং আগামীর আন্দোলন ও নির্বাচনী কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হাফিজ এবং পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক তুতিউর রহমান।
উপজেলা বিএনপির কার্যনির্বাহী সম্পাদক মুজিবুর রহমান খছরু এবং পৌর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুল হাফিজ ললনের যৌথ সঞ্চালনায় সভায় বড়লেখা ও জুড়ী উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় নির্বাচনী কৌশল, কেন্দ্র কমিটি গঠন এবং প্রচার-প্রচারণা জোরদার করার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
এ রহমান
মন্তব্য করুন: