ঐক্যবদ্ধ হওয়ার ডাক
বড়লেখা ও জুড়ীতে ধানের শীষের বিশাল জনসভা
মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ (মিঠু)-এর সমর্থনে এক বিশাল নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বড়লেখা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এই সভায় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে ধানের শীষের বিজয় নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।
জনসভায় বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। এই লড়াইয়ে জয়ী হতে হলে দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সংগঠিত করতে হবে। তারা বলেন, “ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে আমাদের ঘরে বসে থাকলে চলবে না, সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে কাজ করতে হবে।” সাধারণ মানুষের কাছে গিয়ে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেন বক্তারা।
নির্বাচনি এই সভায় নারী নেত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রেহানা বেগম, রুকাইয়া আক্তার রিয়া এবং আয়শা আক্তারসহ উপস্থিত নারী নেত্রীরা নির্বাচনি কার্যক্রমে নিজেদের সক্রিয় অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন। তারা জানান, প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে নারী কর্মীরা অগ্রণী ভূমিকা পালন করবেন।
সভায় বড়লেখা ও জুড়ী উপজেলার বিএনপি নেতা আনোয়ার হোসেন, আব্দুল শহীদ, খসরু আহমেদ, কোকন আহমেদ, হারুন আহমেদ ও ডালিম আহমেদসহ স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জনসভা শেষে নেতাকর্মীরা নাসির উদ্দিন আহমেদ মিঠুর পক্ষে এলাকায় একটি মিছিল বের করেন এবং সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করে ধানের শীষের পক্ষে সমর্থন কামনা করেন।
এ রহমান
মন্তব্য করুন: