শ্রীমঙ্গলে নাহিদ ইসলাম
'সন্ত্রাসীদের হাতে দেশ ছেড়ে দেব না, ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়বো'
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশ হবে একটি নতুন বাংলাদেশ, যেখানে আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করা হবে। যারা সারাদেশে মামলা বাণিজ্য, চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়, জনগণ ভোটের মাধ্যমে তাদের দাঁতভাঙা জবাব দেবে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মৌলভীবাজার-৪ আসনে ১১ দলীয় জোটের এনসিপি মনোনীত প্রার্থী প্রীতম দাশের নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কঠোর সমালোচনা করে বলেন, "একটি দল সারাদেশে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। তারা এমনকি জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারিকেও হত্যা করেছে। ১১ দলীয় জোট এই সন্ত্রাস ও চাঁদাবাজি কোনোভাবেই সহ্য করবে না। আমরা চাই না দেশ আবার কোনো নতুন স্বৈরাচার কিংবা চাঁদাবাজের হাতে যাক।"
নির্বাচনি প্রচারণায় দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে তিনি বলেন, "অনেকে ৩১ দফার কথা বলে জনগণের সঙ্গে প্রতারণা করছে। তারা প্রকাশ্যে এক কথা বলছে আর বাস্তবে মামলা বাণিজ্য ও হয়রানি করছে। সাধারণ মানুষ যেন এসব মিথ্যা প্রতিশ্রুতিতে আর প্রতারিত না হয়।" তিনি স্পষ্ট করেন যে, যারা কোনো অপরাধ করেনি, নতুন বাংলাদেশে তাদের কোনোভাবে হয়রানি করা হবে না।
নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে এনসিপি আহ্বায়ক বলেন, "প্রশাসন ও কমিশনকে শতভাগ নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। নয়তো ১১ দলীয় নির্বাচনি জোট রাজপথে এর প্রতিবাদ জানাবে।"
নাহিদ ইসলাম নির্বাচনি প্রতিশ্রুতি তুলে ধরে বলেন, তাদের জোট নির্বাচিত হলে শিক্ষা ও স্বাস্থ্য খাতের বৈপ্লবিক উন্নয়ন করা হবে। তরুণদের কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি করা হবে। একটি ইনসাফভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে।
পথসভায় আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও নির্বাচনি পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন ১১ দলীয় জোটের প্রার্থী প্রীতম দাশসহ জোটের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ। পথসভা শেষে নেতৃবৃন্দ সাধারণ মানুষের মাঝে নির্বাচনি লিফলেট বিতরণ করেন।
এ রহমান
মন্তব্য করুন: