হাসপাতালে ভ্যাকসিন সংকট
মৌলভীবাজারে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ৪৯
মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরে একটি পাগলা কুকুরের অতর্কিত আক্রমণে নারী ও শিশুসহ অন্তত ৪৯ জন পথচারী আহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত পৌর শহরের বিভিন্ন এলাকায় এই আতঙ্কের সৃষ্টি হয়। পরে স্থানীয় বিক্ষুব্ধ জনতা ও ভুক্তভোগীরা মিলে কুকুরটিকে পিটিয়ে হত্যা করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে একটি বেওয়ারিশ পাগলা কুকুর হঠাৎ করেই শহরের জয়পাশা, মাগুরা, বিছরাকান্দি, উত্তরবাজার ও পরিনগরসহ বিভিন্ন এলাকায় যাকে সামনে পেয়েছে তাকেই কামড়াতে শুরু করে।
আহতদের মধ্যে ৪০ জন পুরুষ, ৭ জন নারী এবং ২ জন শিশু রয়েছেন। উল্লেখযোগ্য আহতরা হলেন ৫ বছরের শিশু শেখ আনিকা, ৪ বছরের শিশু তাপস, শিল্পী বেগম (৩০) ও হাসনা বেগম (৪০), মির্জা নজরুল ইসলাম (৪৭), কামাল আহমদ (৫০), রুবেল মিয়া (৪০), আব্দুল বারী (৪০), বাতির আলী (৬৬), কামরুল বক্স (৪০), নজরুল ইসলাম (৪০), আব্দুল্লাহ আহমদ (৫৫), আব্দুল হান্নান (২৭), অলক মালাকার (১৮), কালা মিয়া (৩০) ও ফখরুল ইসলাম (৬৫)।
আহত ওষুধ কোম্পানির কর্মকর্তা জীবন চন্দ্র সরকার (৪৮) জানান, দুপুর ২টার দিকে উত্তরবাজার এলাকায় কাজ করার সময় কুকুরটি হঠাৎ পেছন থেকে এসে তাঁর দুই পায়ে কামড় দেয়।
বিপুল সংখ্যক রোগী কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলেও সরকারি ভ্যাকসিনের স্বল্পতায় চরম ভোগান্তিতে পড়েন ভুক্তভোগীরা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন জানান, আহত ৪৯ জনের মধ্যে মাত্র ১৬ জনকে সরকারিভাবে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে। কুলাউড়া পৌরসভা থেকে আগে ৩০০টি ভ্যাকসিন দেওয়া হলেও পার্শ্ববর্তী জুড়ী, বড়লেখা ও ফেঞ্চুগঞ্জ থেকে রোগীরা এখানে আসায় দ্রুত স্টক ফুরিয়ে গেছে। বর্তমানে সরকারি কোনো ভ্যাকসিন মজুত না থাকায় বাকি রোগীদের বাইরে থেকে চড়া দামে কিনে আনতে হচ্ছে।
কুলাউড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন বলেন, “পাগলা কুকুরের কামড়ে অসংখ্য মানুষ আহত হওয়ার খবর পেয়েছি। পৌরসভার পক্ষ থেকে অচিরেই আরও নতুন ভ্যাকসিন ক্রয় করে হাসপাতালে সরবরাহ করা হবে। এছাড়া বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে আলোচনা করা হবে।”
পাগলা কুকুরের এমন তাণ্ডবে পুরো পৌর এলাকায় বর্তমানে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।
এ রহমান
মন্তব্য করুন: