মৌলভীবাজার-১ আসনে বিএনপির নির্বাচনী প্রস্তুতি সভা: একই মঞ্চে মিঠু ও সাজু
মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এবং নির্বাচনি কর্মপরিকল্পনা নির্ধারণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে আয়োজিত এই সভায় দীর্ঘদিনের রাজনৈতিক মান-অভিমান ও ভেদাভেদ ভুলে একই মঞ্চে উপস্থিত হয়েছেন বিএনপির দুই শীর্ষ নেতা— সংসদ সদস্য পদপ্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু এবং সাবেক তুখোড় ছাত্রনেতা শরিফুল হক সাজু।
সভায় বক্তারা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ আসনটি পুনরুদ্ধার করাই দলের প্রধান লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে তৃণমূল থেকে শুরু করে উপজেলা পর্যায় পর্যন্ত সকল নেতাকর্মীকে অতীতের সব বিভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। দুই নেতার একমঞ্চে উপস্থিত হওয়াকে নেতাকর্মীরা ‘শুভ লক্ষণ’ এবং ‘বিজয় নিশ্চিতের সোপান’ হিসেবে দেখছেন।
নাসির উদ্দিন আহমেদ মিঠু তাঁর বক্তব্যে বলেন, “দেশের মানুষের হারানো ভোটাধিকার পুনরুদ্ধার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আমাদের সবাইকে রাজপথে থাকতে হবে। মৌলভীবাজারের এই মাটি বিএনপির ঘাঁটি, আমরা সম্মিলিতভাবে ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে বিজয়ী করব ইনশাআল্লাহ।”
শরিফুল হক সাজু বলেন, “ব্যক্তিগত স্বার্থের চেয়ে দলের স্বার্থ অনেক বড়। গণতন্ত্র প্রতিষ্ঠার এই লড়াইয়ে আমরা ঐক্যবদ্ধ। নির্বাচনি প্রচারণায় তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে এবং প্রতিটি ভোটকেন্দ্রে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে।”
সভায় বড়লেখা ও জুড়ী উপজেলার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে নির্বাচনি কেন্দ্র কমিটি গঠন এবং প্রচারণার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নেতাকর্মীরা দুই নেতার নেতৃত্বে একসাথে মাঠে কাজ করার জোরালো অঙ্গীকার ব্যক্ত করেন।
সভা শেষে এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মিঠু ও সাজুর এই ঐক্য আসনটিতে নির্বাচনি সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।
এ রহমান
মন্তব্য করুন: