বড়লেখায় জামায়াত মনোনীত প্রার্থীর ‘জনশক্তি সমাবেশ’ ও গণসংযোগ
মৌলভীবাজার-১ (বড়লেখা–জুড়ী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলামের সমর্থনে ‘দলীয় নির্বাচনী জোট’-এর উদ্যোগে এক বিশাল জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে বড়লেখা উপজেলা অডিটোরিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আমিনুল ইসলাম বলেন, “দেশের মানুষের হারানো অধিকার পুনরুদ্ধার এবং একটি ন্যায়ভিত্তিক ও ইনসাফ কায়েমের লক্ষ্যেই আমরা এই নির্বাচনে অংশ নিচ্ছি। দীর্ঘদিনের দুঃশাসন ও শোষণের হাত থেকে জনগণকে মুক্তি দিতে দলীয় জোট ঐক্যবদ্ধভাবে কাজ করছে। ইনশাআল্লাহ, আসন্ন নির্বাচনে ব্যালটের মাধ্যমে জনগণ তাদের যোগ্য প্রতিনিধি নির্বাচিত করবে।”
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফয়ছল আহমেদ ও এমাদুল ইসলামসহ জোটের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ। বক্তারা নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে প্রতিটি ঘরে ঘরে প্রার্থীর বার্তা পৌঁছে দেওয়ার জন্য কর্মীদের নির্দেশ দেন। তারা বলেন, বড়লেখা ও জুড়ী উপজেলার প্রতিটি ভোটকেন্দ্রে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিয়ে ধানের শীষ ও দাঁড়িপাল্লার সমর্থকদের সম্মিলিত বিজয় নিশ্চিত করতে হবে।
অডিটোরিয়ামের সমাবেশ শেষে মাওলানা আমিনুল ইসলামের নেতৃত্বে বড়লেখা বাজার এলাকায় এক বিশাল নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চালানো হয়। এসময় নেতাকর্মীরা সাধারণ ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন এবং ভোটারদের হাতে লিফলেট তুলে দেন।
সমাবেশ ও গণসংযোগে বড়লেখা ও জুড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। নির্বাচনী আমেজে পুরো বড়লেখা শহর জামায়াত ও এর সহযোগী সংগঠনগুলোর উপস্থিতিতে সরগরম হয়ে ওঠে।
এ রহমান
মন্তব্য করুন: