শ্রীমঙ্গলে চা-শ্রমিকদের বিক্ষোভ: নির্বাচন বানচালের অপচেষ্টার অভিযোগ
Led Bottom Ad

শ্রীমঙ্গলে চা-শ্রমিকদের বিক্ষোভ: নির্বাচন বানচালের অপচেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, শ্রীমঙ্গল

২৭/০১/২০২৬ ১৭:১৮:৪৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন বানচালের অপচেষ্টা এবং চা শিল্পে অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশাল বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন সাধারণ চা-শ্রমিকরা। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার ভাড়াউড়া চা বাগান থেকে এই কর্মসূচি শুরু হয়।

​সকাল ১০টার দিকে ভাড়াউড়া চা বাগান থেকে প্রায় পাঁচ শতাধিক শ্রমিকের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শ্রীমঙ্গল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভানুগাছ সড়কস্থ বিভাগীয় শ্রম দপ্তরের সামনে গিয়ে শেষ হয়। এসময় শ্রমিকরা দ্রুত নির্বাচনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

​মিছিল শেষে শ্রমিকরা শ্রীমঙ্গলস্থ বিভাগীয় শ্রম দপ্তরের উপ-পরিচালক ও চা-শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার মহব্বত হোসেনের মাধ্যমে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিনের মাধ্যমে জেলা প্রশাসকের কাছেও পৃথক একটি স্মারকলিপি পাঠানো হয়।

​স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি পংকজ এ কন্দ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল ও সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরাসহ শীর্ষ নেতৃবৃন্দ।

​সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা বলেন, “আমাদের বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার আগে থেকেই আমরা নিয়মতান্ত্রিক নির্বাচনের দাবি জানিয়ে আসছি। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল হঠাৎ করে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করে জোরপূর্বক ক্ষমতা দখলের চেষ্টা করছে। আমরা সাধারণ শ্রমিকদের ভোটাধিকার রক্ষার দাবিতে আজ এই স্মারকলিপি দিয়েছি।”

​বিভাগীয় শ্রম দপ্তরের উপ-পরিচালক মহব্বত হোসেন শ্রমিকদের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করে বলেন, “চা শিল্পের স্থিতিশীলতা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। শ্রমিকদের দেওয়া স্মারকলিপিটি দ্রুততম সময়ের মধ্যে মহাপরিচালকের কাছে পাঠানো হবে এবং তাদের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সাথে বিবেচনা করা হবে।”

​উল্লেখ্য, দেশের ১৬৭টি চা বাগানের কয়েক লাখ শ্রমিকের প্রতিনিধিত্বকারী এই সংগঠনের নির্বাচন নিয়ে দীর্ঘ প্রতীক্ষা রয়েছে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না হলে চা শিল্পে বড় ধরণের ধর্মঘটের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad