শ্রীমঙ্গলে লোকালয় থেকে আহত ‘গন্ধগোকুল’ উদ্ধার
মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের একটি বাসা থেকে বিরল প্রজাতির একটি আহত গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শ্রীমঙ্গল শহরের জেটি রোডের আমেরিকা প্রবাসী কৃষ্ণ সেনের বাসা থেকে প্রাণীটি উদ্ধার করা হয়।
জানা যায়, সোমবার রাতে প্রবাসী কৃষ্ণ সেনের বাসার ভেতরে একটি বন্যপ্রাণী দেখে বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। তারা দ্রুত বিষয়টি শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করেন। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক সজল দেব দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রাণীটিকে শনাক্ত করেন এবং আহত অবস্থায় গন্ধগোকুলটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসেন।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, উদ্ধারকৃত গন্ধগোকুলটি সম্ভবত সড়ক দুর্ঘটনায় আহত হয়ে লোকালয়ে চলে এসেছিল এবং ওই বাড়িতে আশ্রয় নিয়েছিল। সেটিকে প্রাথমিক সেবা দেওয়ার পর সুরক্ষার কথা বিবেচনায় রেখে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। দ্রুত উদ্ধার সম্ভব হওয়ায় প্রাণীটির জীবন রক্ষা পেয়েছে বলে তিনি জানান।
শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. কাজী নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত গন্ধগোকুলটি বর্তমানে বন বিভাগের তত্ত্বাবধানে রয়েছে। পূর্ণ সুস্থ হওয়ার পর সেটিকে বনে অবমুক্ত করা হবে।
বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বলছেন, প্রাকৃতিক বন উজাড় ও খাদ্যের সংকটের কারণে প্রায়ই গন্ধগোকুলের মতো বন্যপ্রাণী লোকালয়ে হানা দিচ্ছে। এদের সংরক্ষণে বনাঞ্চল রক্ষার পাশাপাশি জনসচেতনতা অত্যন্ত জরুরি।
এ রহমান
মন্তব্য করুন: