​লাউয়াছড়ায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে শিশু বানরের মৃত্যু
Led Bottom Ad

মা বানরের করুণ আহাজারি

​লাউয়াছড়ায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে শিশু বানরের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

২৫/০১/২০২৬ ২১:৪৪:৩২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া সড়কে দ্রুতগতির একটি যানবাহনের ধাক্কায় প্রাণ হারিয়েছে একটি শিশু বানর। রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে উদ্যানের ভেতর শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে একদল বানর রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির গাড়ি ছোট বানরটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই রক্তক্ষরণ হয়ে বানরটি মারা যায়।

​সবচেয়ে হৃদয়বিদারক দৃশ্য ছিল শিশু বানরটির মৃত্যুর পর মা বানরের প্রতিক্রিয়া। প্রত্যক্ষদর্শীরা জানান, মৃত সন্তানকে পাশে রেখে মা বানরটি দীর্ঘক্ষণ আর্তনাদ করে এবং পাগলের মতো এ ডাল থেকে সে ডালে লাফালাফি করতে থাকে। মা বানরের এই করুণ কান্না দেখে উপস্থিত পর্যটক ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে।

​স্থানীয় ও বন্যপ্রাণী প্রেমীদের অভিযোগ, লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে বয়ে চলা সড়ক ও রেলপথ বন্যপ্রাণীদের জন্য এখন মরণফাঁদে পরিণত হয়েছে। বন বিভাগের স্পষ্ট নির্দেশনা রয়েছে যে উদ্যানের ভেতরে গাড়ির গতিবেগ ঘণ্টায় ২০ কিলোমিটারের বেশি হতে পারবে না। কিন্তু চালকরা এই নিয়ম তোয়াক্কা না করে দ্রুতগতিতে গাড়ি চালানোর ফলে প্রায়ই চশমা পরা হনুমান, বানর, মায়া হরিণ ও অজগরের মতো দুর্লভ বন্যপ্রাণী পিষ্ট হয়ে প্রাণ হারাচ্ছে।

​লাউয়াছড়া বিট কর্মকর্তা মারযোগ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "দ্রুতগামী কোনো একটি যানবাহনের চাপায় শিশু বানরটির মৃত্যু হয়েছে। আমরা মৃত বানরটির মরদেহ উদ্ধার করেছি এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"

​বন্যপ্রাণী বিশেষজ্ঞরা বারবার উদ্যানের ভেতর দিয়ে যাওয়া সড়কটি বিকল্প পথে সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে আসলেও এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান মেলেনি।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad