মৌলভীবাজারে উঠান বৈঠকে বিএনপি প্রার্থী এম নাসের রহমান
‘বিএনপি ক্ষমতায় গেলে সব সামাজিক সুবিধা মিলবে ফ্যামিলি কার্ডে’
বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে সরকারের সকল সামাজিক নিরাপত্তা ও উন্নয়নমূলক সুবিধা একটি সমন্বিত ব্যবস্থার আওতায় আনতে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে বলে ঘোষণা দিয়েছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার ৫ নম্বর আখাইলকুড়া ইউনিয়নের ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরিকল্পনার কথা জানান।
এম নাসের রহমান বলেন, “বর্তমানে সরকারি প্রকল্পগুলোর মধ্যে কোনো কার্যকর সমন্বয় নেই। ফলে প্রকৃত উপকারভোগীরা প্রায়ই বঞ্চিত হচ্ছেন। বিএনপি ক্ষমতায় গেলে ‘ফ্যামিলি কার্ড’ চালুর মাধ্যমে সামাজিক নিরাপত্তার সব সুবিধা এক জায়গায় নিয়ে আসা হবে। এতে সাধারণ মানুষ কোনো ভোগান্তি ছাড়াই স্বচ্ছভাবে সরকারি সহায়তা ও উন্নয়নমূলক সুবিধা ভোগ করতে পারবে।”
তিনি আরও যোগ করেন, বিএনপি কেবল আশ্বাসে নয়, বরং জনগণের মৌলিক অধিকার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বাস্তবভিত্তিক পরিকল্পনায় বিশ্বাস করে। ‘ফ্যামিলি কার্ড’ হবে সেই জনবান্ধব প্রশাসনের একটি অন্যতম স্তম্ভ।
উঠান বৈঠকে স্থানীয় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এম নাসের রহমানের এই পরিকল্পনাকে স্বাগত জানান। সভায় বক্তারা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ভোটারদের ঘরে ঘরে যাওয়ার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু,সাধারণ সম্পাদক মো. মারুফ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শফিউর রহমান শফি, সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. বদরুল আলম, জেলা কৃষকদলের আহ্বায়ক শামীম আহমেদ প্রমুখ।
ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতিতে সভাটি একটি উৎসবমুখর নির্বাচনী পরিবেশে পরিণত হয়।
এ রহমান
মন্তব্য করুন: