কমলগঞ্জে বসতবাড়ির পাশে গ্রেনেড উদ্ধার
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নে একটি পরিত্যক্ত তাজা গ্রেনেড উদ্ধার করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সকালে উসমানগড় এলাকার শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামে গ্রেনেডটি দেখতে পায় স্থানীয়রা। বর্তমানে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামের সিএনজি চালক সুলতান মিয়ার বাড়ির পাশের পুকুরে কয়েকদিন আগে জাল দিয়ে মাছ ধরার সময় এই গ্রেনেডটি উঠে আসে। তবে বিষয়টি গুরুত্ব না দিয়ে সেটিকে পাশের একটি জমির খাদে ফেলে দেওয়া হয়। শনিবার সকালে স্থানীয় কৃষক মিন্নত আলী ওই জমিতে ঘাস কাটতে গিয়ে গ্রেনেডটি দেখতে পান। পরে ইউনিয়ন আনসার কমান্ডার নেছার আহমেদ জুনেদকে বিষয়টি জানালে তিনি ৯৯৯-এ কল করে পুলিশকে অবহিত করেন।
স্থানীয়দের ধারণা, উদ্ধারকৃত গ্রেনেডটি মুক্তিযুদ্ধকালীন সময়ের। ১৯৭১ সালে পতনউষার সংলগ্ন শমশেরনগর বিমানবন্দরে পাকিস্তানি বাহিনী অবস্থান করত এবং শ্রীসূর্য এলাকায় তাদের ক্যাম্প ছিল। এলাকাবাসীর মতে, সেসময় ব্যবহৃত কোনো বিস্ফোরক এখানে পরিত্যক্ত অবস্থায় থেকে যেতে পারে। উল্লেখ্য, গত বছরের জুলাই মাসেও একই গ্রাম থেকে মাটি কাটার সময় আরও একটি তাজা গ্রেনেড উদ্ধার করা হয়েছিল।
খবর পেয়ে কমলগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাল পতাকা লাগিয়ে জায়গাটি নিরাপদ হিসেবে চিহ্নিত করে রেখেছে। সাধারণ মানুষের চলাচল সেখানে সীমিত করা হয়েছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে রেখেছি। যেহেতু জায়গাটি একটি পুরনো ক্যাম্পের অদূরে, তাই এটি বেশ পুরনো মনে হচ্ছে। সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল টিমকে বিষয়টি জানানো হয়েছে। তারা আসার পর এটি নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেওয়া হবে।”
এ রহমান
মন্তব্য করুন: