শাকসু নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে বড়লেখায় ছাত্রশিবিরের বিক্ষোভ
শাকসু (শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে মৌলভীবাজারের বড়লেখায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ২টায় বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলটি পৌর শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উত্তর চৌমুহনী এলাকা প্রদক্ষিণ করে। পরে পুনরায় শহীদ মিনারে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বড়লেখা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রহমান এবাদের সভাপতিত্বে এবং উত্তর শাখার সভাপতি কাওসার আহমদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মহসিন আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মাদ্রাসার সাধারণ সম্পাদক হুমায়ন কবির সাজু, বড়লেখা শহর শাখার সাধারণ সম্পাদক এমদাদুল হক এমাদ, উত্তর শাখার সাধারণ সম্পাদক হানজালা আহমদ, দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক অনিকুর রহমান, সুজাউল মাদ্রাসার সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম এবং বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ শাখার সভাপতি সাব্বির আহমদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, শাকসু নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। এটি সাধারণ শিক্ষার্থী ও মেধাবীদের নেতৃত্ব তৈরির প্ল্যাটফর্ম—যারা আগামীর বাংলাদেশ গড়বে। কিন্তু একটি কুচক্রী মহল এই নির্বাচন বানচাল করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
তারা আরও হুশিয়ারি দিয়ে বলেন, আগামীর বাংলাদেশ বিনির্মাণে ছাত্রশিবির সব সময় অগ্রণী ভূমিকা পালন করছে। যদি কোনো মহল পুনরায় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করে, তবে ছাত্রশিবির সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। দ্রুত শাকসু নির্বাচনের তারিখ ঘোষণা এবং এতে ছাত্রশিবিরের ন্যায্য অধিকার নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান বক্তারা।
তাহির আহমদ
মন্তব্য করুন: