জোটের সিদ্ধান্ত অমান্য করেও মৌলভীবাজারে দাড়িপাল্লা পেয়েছেন জামায়াত প্রার্থী
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মৌলভীবাজার-৩ আসনে ১০ দলীয় জোটের কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষিত হয়েছে। জানা গেছে, মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য দেওয়াল ঘড়ি প্রতীকের মাওলানা আহমদ বিলালের সঙ্গে জামায়াতের দাঁড়িপাল্লার প্রার্থী আব্দুল মান্নান প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) দলীয় প্রতীক পেয়েছেন জামায়াত প্রার্থী। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকে জামায়াতের নেতাকর্মী ও সাধারণ ভোটাররা মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের জামায়াত প্রার্থী আব্দুল মান্নানের গ্রামের বাড়ি রাজনগর উপজেলার দত্তগ্রামের বসতভিটা অবরুদ্ধ করে রাখেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা পেরিয়ে গেলেও এই আসনে জোটের সিদ্ধান্ত অমান্য করে জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল মান্নান প্রার্থিতা প্রত্যাহার করেননি।
ফলে তিনি বাড়ি থেকে বের হতে না পারায় মনোনয়নপত্র প্রত্যাহারের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারেননি। এদিকে ১০ দলীয় নির্বাচনী ঐক্য মনোনীত প্রার্থীর বিপরীতে জামায়াত নেতার প্রার্থীতা বহাল থাকায় উদ্ভূত পরিস্থিতি ও জোটের ভবিষ্যৎ নিয়ে অনলাইনসহ সর্বত্র ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।
স্থানীয়রা বলছেন, প্রার্থীতা জামায়াত প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার না করার যে দায়, এটা সাধারণ মানুষের ওপর চালিয়ে দেওয়ারও সুযোগ নেই। ফলে স্বীকার করতে হবে এই দায় দল ও দলের হাইকমান্ডের।
আসন সমঝোতায় মৌলভীবাজার-৩ আসনে ১০ দলীয় ঐক্য মনোনীত প্রার্থী খেলাফত মজলিসের দেওয়াল ঘড়ি প্রতীকের মাওলানা আহমদ বিলাল বলেন, ১০ দলীয় নির্বাচনী ঐক্যের লিয়াজোঁ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মৌলভীবাজার-৩ আসনে আমাকে ১০ দলের একক প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
কিন্তু জামায়াতের কেন্দ্রীয় শূরা সদস্য আব্দুল মান্নান এখনও নির্বাচনী মাঠে রয়ে গেছেন। তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। অথচ জোটের সিদ্ধান্ত ছিল সবাই প্রার্থী দেবে, তবে যাকে চূড়ান্ত করা হবে বাকিরা তাকে সমর্থন জানিয়ে সরে দাঁড়াবে।
আমি জোটের প্রার্থী মনোনীত হওয়ার পর জোটের শরীক দল বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী লুৎফুর রহমান কামাল মনোনয়ন প্রত্যাহার করলেও জামায়াত প্রার্থীর মনোনয়ন বহাল রয়েছে এবং প্রতীক বরাদ্দ পেয়েছেন। বিষয়টি কেন্দ্রীয় লিয়াঁজো কমিটিকে অবগত করা হয়েছে।
তারা আশ্বস্ত করেছেন, এই আসনে আমি একক প্রার্থী আমি থাকবো। তারা বিষয়টি সমাধান করবেন।
এ বিষয়ে জেলা জামায়াতের আমির প্রকৌশলী সায়েদ আলী গণমাধ্যমকর্মীদের জানান, সমর্থকরা অবরুদ্ধ করে রাখায় মৌলভীবাজার-৩ আসনে জামায়াত প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করতে যেতে পারেননি।
তাই আসনটি জোট প্রার্থী ও জামায়াত প্রার্থীর জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য কেন্দ্রকে অনুরোধ জানানো হয়েছে।অপরদিকে মৌলভীবাজার-৩ আসনে নির্বাচনী লড়াইয়ে হেভিওয়েট প্রার্থী রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ধানের শীষের প্রার্থী এম নাসের রহমান।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: