মৌলভীবাজারে জামায়াত প্রার্থীর মনোনয়ন ঠেকাতে বাড়ি অবরুদ্ধ সাধারণ জনতা’র
মৌলভীবাজার-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. আব্দুল মান্নানের মনোনয়ন প্রত্যাহারের খবরে রাজনগরের দত্তগ্রামে তার বাড়ির সামনে অবস্থান নিয়েছেন স্থানীয় সমর্থক ও সাধারণ মানুষ। মনোনয়নপত্র প্রত্যাহারকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৮টা থেকে সমর্থকরা প্রার্থীর বাড়ির সামনে অবস্থান নেন। তারা দাবি করছেন, আব্দুল মান্নান একজন পরিচিত ও জনপ্রিয় নেতা, যিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। জোটগত সিদ্ধান্তে তাকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তাদের।
মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামির আলী বলেন, “প্রার্থিতা প্রত্যাহারের বিষয়টি দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বিবেচনায় এসেছে। তবে আমাদের প্রার্থী মাঠে সক্রিয় ছিলেন এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছেন।”
জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী উপস্থিত সমর্থকদের উদ্দেশে বলেন, “মান্নান সাহেব দীর্ঘ সময় ধরে দেশের গঠনে কাজ করে যাচ্ছেন। হঠাৎ নেওয়া সিদ্ধান্তে কর্মী-সমর্থকদের হতাশ হওয়া স্বাভাবিক। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় বিকেল ৪টা পর্যন্ত রয়েছে। সবাইকে শান্ত ও ধৈর্যশীল থাকার আহ্বান জানাই। কোনো ধরনের বিশৃঙ্খলা বা আইনশৃঙ্খলার অবনতি না ঘটিয়ে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।”
ঘটনাস্থলে ভোটার, রিকশা ও অটোচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। স্থানীয় নেতাকর্মীরা সমর্থকদের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। তবে আব্দুল মান্নানকে বাড়িতে পাওয়া যায়নি। তার বাড়ির চারপাশে জনতা অবস্থান নিয়েছে।
ডি আর ডি
মন্তব্য করুন: