শাকসু নির্বাচন দাবির বিক্ষোভে জ্ঞান হারালেন ছাত্রদল নেতা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নির্বাচন কমিশনের (ইসি) নিষেধাজ্ঞার প্রতিবাদে চলমান বিক্ষোভে অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিজয়-২৪ হল সংসদের ভিপি প্রার্থী খলিলুর রহমান চাঁদ।
সোমবার (১২ জানুয়ারি) দিনগত রাত আনুমানিক ১২টার দিকে শাকসু নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান তিনি। পরে উপস্থিত নেতাকর্মীরা তাকে উদ্ধার করে সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালটির নিউরোলজি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে হঠাৎ চাঁদ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।
এ বিষয়ে শাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান বলেন, “ছাত্রদল শুরু থেকেই নির্ধারিত ২০ জানুয়ারি শাকসু নির্বাচন আয়োজনের পক্ষে অবস্থান নিয়েছে। নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞার সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে আমাদের নেতাকর্মীরা শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভ চলাকালে হঠাৎ চাঁদ অসুস্থ হয়ে পড়লে তাকে মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখনো সেখানে চিকিৎসাধীন রয়েছেন।”
তিনি আরও অভিযোগ করেন, “চাঁদকে হাসপাতালে নেওয়ার পর পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো দায়িত্বশীল ব্যক্তিকে আমরা সেখানে দেখতে পাইনি।”
এদিকে শাকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার এবং নির্ধারিত তারিখে নির্বাচন আয়োজনের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
এ রহমান
মন্তব্য করুন: