মৌলভীবাজারে শতবর্ষী ঐতিহ্যবাহী মাছের মেলা
Led Bottom Ad

লাখ লাখ মানুষের সমাগম

মৌলভীবাজারে শতবর্ষী ঐতিহ্যবাহী মাছের মেলা

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

১৩/০১/২০২৬ ১৫:০৪:৩১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

পৌষ-সংক্রান্তি ও নবান্ন উৎসব উপলক্ষে মৌলভীবাজারের শেরপুরে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী শতবর্ষী মাছের মেলা। লোকমুখে প্রচলিত এই মেলা দেড় থেকে দুইশ বছর ধরে চলে আসছে বলে স্থানীয়দের দাবি। সময়ের পরিক্রমায় মেলাটি এখন এ অঞ্চলের মানুষের ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) রাত থেকে শুরু হয়ে বুধবার পর্যন্ত চলা এ মেলা বসেছে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুর এলাকায় কুশিয়ারা নদীর তীরে। মেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ব্যবসায়ীরা ছোট-বড় নানা জাতের মাছ নিয়ে অংশ নেন। খুচরা ও পাইকারি উভয় পর্যায়েই মাছ বিক্রি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় একশ বছর আগে কুশিয়ারা নদী ও আশপাশের হাওর থেকে ধরা মাছ পৌষ-সংক্রান্তি উপলক্ষে বিক্রির মধ্য দিয়েই এ মেলার সূচনা হয়। বর্তমানে এটি দেশের অন্যতম বৃহৎ মাছের মেলায় রূপ নিয়েছে। এবারের মেলাতেও বাঘাইড়, বোয়াল, আইড়, চিতল, কাতলা, রুইসহ নানা জাতের বড় মাছের প্রতি ছিল ক্রেতাদের বিশেষ আগ্রহ। একটি বড় বাঘাইড়ের দাম হাঁকা হয়েছে প্রায় এক লাখ টাকা।

মাছের পাশাপাশি মেলায় কৃষিপণ্য, আসবাবপত্র, শিশুদের খেলনা ও শৌখিন পণ্যের দোকান বসে। মেলা উপলক্ষে মৌলভীবাজারসহ আশপাশের জেলা থেকে কয়েক লাখ মানুষের সমাগম ঘটে।

মেলায় আগত মাছ ব্যবসায়ী বকুল পাল বলেন, দীর্ঘদিন ধরে এই মেলায় এসে পাইকারি মাছ কেনাবেচা করেন তাঁরা। অন্যদিকে ক্রেতারা জানান, বড় ও বিরল মাছ দেখার পাশাপাশি সামর্থ্য অনুযায়ী কেনাকাটার সুযোগ থাকায় প্রতিবছর তাঁরা এই মেলায় আসেন।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, মেলা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad